পূর্বধলার স্কুলে ডিজিটাল পাঠদান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বধলার আরবান একাডেমিতে ডিজিটাল শ্রেণিক​ক্ষের উদ্বোধনী অনুষ্ঠান
পূর্বধলার আরবান একাডেমিতে ডিজিটাল শ্রেণিক​ক্ষের উদ্বোধনী অনুষ্ঠান

স্কুলজীবনের শুরু থেকেই ওরা পাঠ নেবে ডিজিটাল শ্রেণিকক্ষে আর পড়াশোনা করবে কম্পিউটারে৷ এ ব্যবস্থা গড়ে উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আরবান একাডেমিতে৷ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণিতে পড়ুয়া ৪০ শিক্ষার্থীর হাতে কি–বোর্ডযুক্ত ট্যাবলেট কম্পিউটার তুলে দেওয়া হলো গতকাল সোমবার৷ প্রতিটি ট্যাবলেটে রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম শ্রেণির সিলেবাস অনুসরণ করে তৈরি করা বিজয় প্রাথমিক শিক্ষা-১ সফটওয়্যার৷ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা এসব কম্পিউটার ও ডিজিটাল শ্রেণিকক্ষের কারিগরি সহায়তা দিচ্ছে বিজয় ডিজিটাল।

ডিজিটাল শ্রেণিকক্ষ উদ্বোধন ও ট্যাবলেট কম্পিউটার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার, ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হানসহ অনেকে। মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, এই ট্যাবলেট দিয়ে বিজয় প্রাথমিক শিক্ষা-১-এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ নেওয়ার পাশাপাশি কম্পিউটার ব্যবহারও শিখতে পারবে। আরবান একাডেমির অধ্যক্ষ সৈয়দ আরিফুজ্জামান বলেন, ‘২০১৮ সালের মধ্যে আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে ল্যাপটপে পাঠদান করা হবে।’