পৃথিবীকে বদলে দেবে গ্রাফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাফিন
গ্রাফিন

গ্রাফিন নামের পদার্থটি মাত্র এক পরমাণু সমান পাতলা। স্বচ্ছতা কাচের মতো। কিন্তু এটি ইস্পাতের চেয়ে ১০০ গুণ দৃঢ় এবং তাপ ও বিদ্যুৎপরিবাহী হিসেবে অতিচমৎকার। গ্রাফিন আসলে বহুরূপী মৌল কার্বনের একটি ভিন্ন অবস্থামাত্র। এটি অদূর ভবিষ্যতে বিশ্বকে আমূল বদলে দিতে যাচ্ছে বলেই মনে করছেন গবেষকেরা।

বিদ্যুৎশক্তি উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও চিকিৎসাপ্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ গবেষণায়ও বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে এই গ্রাফিন। শুধু তা-ই নয়, প্রাকৃতিক খনিজ সম্পদ দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যতের অবলম্বন হতে পারে এই অতি পাতলা পদার্থ। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) গবেষকেরা সম্প্রতি তামার ফিল্মের ওপর গ্রাফিন উৎপাদনের নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা পদার্থটি উৎপাদনের প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক বেশি কার্যকর। আর এই উদ্ভাবনের ফলে গ্রাফিনের ব্যবহার এখনকার তুলনায় অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে।

২০০৪ সালে আবিষ্কৃত গ্রাফিন বর্তমান বিশ্বে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সংবেদনশীল যন্ত্রাংশ, সৌরবিদ্যুৎ কোষ, ইন্টারনেটের গতিবৃদ্ধির প্রযুক্তি, চিকিৎসাপ্রযুক্তিসহ কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে। দুষপ্রাপ্যতা এবং জটিল ও ব্যয়বহুল উৎপাদনপদ্ধতির কারণে গ্রাফিনের ব্যবহার সীমিত রয়েছে। উৎপাদন বাড়ানো হলে পদার্থটির নানামুখী ব্যবহার শুরু হবে, এ ব্যাপারে সন্দেহ নেই। বিষয়টি মাথায় রেখেই এনআইএসটির গবেষকেরা গ্রাফিন উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। তাঁরা তামার ওপর গ্রাফিনের অতি সূক্ষ্ম প্রলেপ তৈরির পদ্ধতি তৈরিতে সমর্থ হন।

নতুন পদ্ধতিটি প্রসঙ্গে গবেষকেরা বলেন, দুটি ধাপে গ্রাফিনের ওই প্রলেপ তৈরি করা হয়। প্রথম ধাপে কক্ষ তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের একটি যৌগের পাতলা টুকরোর ওপর তামা রাখা হয়। দ্বিতীয় ধাপে সেখানকার তাপমাত্রা তামার গলনাঙ্কের তাপমাত্রায় নিয়ে ধাতুগুলোকে নমনীয় রূপ দেওয়া হয়। পরে তামার পাতের সঙ্গে গ্রাফিনের সূক্ষ্ম প্রলেপ তৈরি হয় এবং প্রতিটি তামার পাতের সঙ্গে প্রায় শূন্য দশমিক দুই মিলিমিটার পর্যন্ত গ্রাফিন পাওয়া যায়। তামার ফিল্মের ওপর গ্রাফিন উৎপাদনের চেষ্টা আগেও হয়েছিল। তবে ফিল্মের দুর্বলতার কারণে সেগুলো সফল হয়নি।

গবেষকদের মতে, নতুন উৎপাদনপদ্ধতি গ্রাফিনের দুষপ্রাপ্যতা দূর করবে। বৈদ্যুতিক যন্ত্রে গ্রাফিনের ব্যবহার বাড়লে যন্ত্রপাতির কার্যক্ষমতা বাড়বে বহুগুণে। আর দৃঢ়তা ও স্বচ্ছতার কারণে গ্রাফিন থেকে তৈরি করা যাবে মহাকাশচারীদের উপযোগী নতুন ধরনের পোশাক ও অন্যান্য উপকরণ। লাস ভেগাস গার্ডিয়ান এক্সপ্রেস।