পৃথিবীতেই ৭.২ ট্রিলিয়ন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার রেকর্ড (ভিডিও)
৭.২ ট্রিলিয়ন ফারেনহাইট! প্রচণ্ড উত্তাপ। এ উত্তাপ সূর্যের কেন্দ্রের চেয়েও আড়াই লাখগুণ হলেও সম্প্রতি পৃথিবীতেই এই তাপমাত্রা সৃষ্টি করেছেন মার্কিন বিজ্ঞানীরা।নিউইয়র্কের ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরির রিলেটিভিস্টিক হেভি আয়ন কোলাইডারে (আরএইচআইসি) খাঁটি সোনা বা খাদবিহীন সোনার দুটি আয়নের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে ৭.২ ট্রিলিয়ন ডিগ্রি ফারেনহাইট (৪ ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা উত্পন্ন করতে সক্ষম হয়েছেন তাঁরা।মানুষের তৈরি সর্বোচ্চ তাপমাত্রার এ রেকর্ডটি এরই মধ্যে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।গবেষকেরা বিগ ব্যাং বা বিশ্ব সৃষ্টির সময় কী ঘটেছিল, সে তথ্য জানতেই এবং বিগ ব্যাংয়ের পরবর্তী অবস্থা সৃষ্টির জন্য আলোর বেগে কোলাইডারের মধ্যে খাঁটি সোনার দুই আয়নের সংঘর্ষ ঘটিয়েছিলেন।পদার্থবিদ পল সরেনসেন জানিয়েছেন, আরএইচআইসিতে সোনার আয়নের মধ্যে সংঘর্ষ ঘটানোর ঘটনা একেবারে নতুন নয়। ২০০১ সালে প্রথমবার এই সংঘর্ষ ঘটানো হয়েছিল। তবে এবারই প্রথম সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছানোর তথ্য বের করা সম্ভব হয়েছে।সরেনসেন আরও জানিয়েছেন, সংঘর্ষ ঘটানোর পর তার ফল বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লেগে যায় বলে তাপমাত্রার বিষয়টি আর প্রাসঙ্গিক থাকে না।গবেষকেরা জানিয়েছেন, ২ দশমিক ৪ কিলোমিটার কোলাইডারে সোনার আয়নের মধ্যে ঘটানো সংঘর্ষে যে তাপমাত্রার রেকর্ড পাওয়া গেছে, এ বছরের এপ্রিল মাসে ইউরেনিয়াম আয়নের মধ্যে ঘটানো সংঘর্ষের তাপমাত্রা এই রেকর্ড ভেঙে ফেলতে পারে। তবে এই ফল জানতে আরও সময় লাগবে।সরেনসেন জানান, সুইজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি) আরএইচআইসির ২০০১ সালের রেকর্ডকে অতিক্রম করেছে। কারণ হিগস বোসন বা ঈশ্বরকণার খোঁজে লার্জ হ্যাড্রন কোলাইডারে যে সংঘর্ষ ঘটানো হয়েছে, তাতে শক্তির ঘনত্ব আরএইচআইসির তুলনায় তিনগুণ। তিনি বলেন, ‘আমাদের আরও বেশি তাপমাত্রা উত্পন্ন করতে হলে লার্জ হ্যাড্রন কোলাইডারের মতো বড় কোলাইডার প্রয়োজন পড়বে।