
গোলটেবিল বৈঠক
বনায়নে চাই আধুনিকায়ন
উপস্থিত আলোচকবৃন্দ
হালুম চৌধুরী
সভাপতি, সুন্দরবন বাঘ সংঘ
চিত্রা সেন
সাধারণ সম্পাদক, হরিণ উন্নয়ন কমিটি
দাঁতাল খান
সহসভাপতি, কুমির রক্ষা সমিতি
উডিউল পেকার
সাংগঠনিক সম্পাদক, সচেতন পাখি সমাজ
তারিখ: ৫ জুন ২০১৬
স্থান: সুন্দরবন, বাংলাদেশ
সঞ্চালক: সুপ্রিয় আলোচকবৃন্দ, আজকের এই চমৎকার রোদ ঝলমলে দুপুরে আপনাদের জানাই শুভেচ্ছা। আপনারা জানেন, গতকাল ৫ জুন ছিল পরিবেশ দিবস। বিশ্বজুড়ে যখন পরিবেশের নানা রকম ক্ষতি সাধিত হচ্ছে, সেখানে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে লাগছে আধুনিকায়নের ছোঁয়া। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বিশ্বের দরবারে বাংলাদেশ এখন রোল মডেল। বনে, বিশেষ করে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হচ্ছে। ফলে মানুষের পাশাপাশি পশুপাখিদেরও জীবনধারণ আরও সহজ হবে। এ ছাড়া আপনারা জানেন, জলে তেলের মিশ্রণ ঘটানোর ফলে প্রাণীদের তেলের অভাব নেই। এই তেল দিয়ে তারা উন্নয়নের বাতি জ্বালাচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয়—বনায়নে চাই আধুনিকায়ন। এ বিষয়ে প্রথমেই বক্তব্য দেবেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হালুম চৌধুরী।

হালুম চৌধুরী
ধন্যবাদ, মাননীয় সঞ্চালক সাহেব। টিভিতে সেদিন টক শো দেখছিলাম। একজন পরিবেশবিদ বলছিলেন, সুন্দরবনের পরিবেশ নাকি ধ্বংস করা হচ্ছে! আমি বুঝলাম না, তাঁকে এসব কে বলেছে? আমাদের এখানে বিদ্যুৎ আসছে, নগরায়ণের ছোঁয়া থেকে আমরা কেন বঞ্চিত হব! বিদ্যুৎ ছাড়া চলা যায়, বলুন? আগে খাবার গরম তো দূরের কথা, রান্নাবান্নাই হতো না। এখন রান্না করে স্বাস্থ্যসম্মত খাবার খাই আমরা। শিকার করে মাংস ফ্রিজে রেখে দিই। পরে ওভেনে গরম করে খাই। এতে কিছু স্বার্থান্বেষী তথাকথিত পরিবেশবিদদের সমস্যা কোথায়? আমরা আগে বাচ্চাদের কন্ট্রোলই করতে পারতাম না। পুরো বন চষে বেড়াত। গত মাসে কোর-আই সেভেনের একটা ল্যাপটপ কিনে দিলাম বড় ছেলেটাকে। ভদ্র ছেলের মতো গেমস খেলে আর মুভি দেখে দিন কাটাচ্ছে সে। আর কদিন হলো গিন্নির আবদারে টিভি কিনলাম। সেকি কাণ্ড! আমাদের ছোট মেয়ে ন্যাশনাল জিওগ্রাফিক আর ডিসকভারি চ্যানেল দেখে অভিনয় করার বায়না ধরেছে। আমার এক বন্ধু মিরপুর চিড়িয়াখানায় থাকে। ও বলেছে, আমার মেয়েকে নাকি কোনো এক পরিচালকের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আশা করছি, মেয়েটার স্বপ্ন পূরণ হবে। তো এটা কি আশীর্বাদ নয়?
এদিকে কিছু মানুষ বলছে, আমাদের সংখ্যা নাকি কমে যাচ্ছে! আমরা আগে টিভি দেখার সুযোগ পেতাম না, বই কিংবা পত্রিকাও ছিল না। ছোট পরিবারই যে সুখী পরিবার, তা টিভি দেখেই তো জানলাম। আমরা ভুল বুঝতে পেরেছি। আগে যেখানে সবার ১০-১২টি সন্তান থকত, এখন আমরা দুটিতেই খুশি। বনের আধুনিকায়ন না হলে এগুলো আমরা জানতাম?

চিত্রা সেন
সঞ্চালক সাহেব, আপনাকে ধন্যবাদ। যার পরিকল্পনায় আজ আমরা সভ্য হতে চলেছি, তাকে স্মরণ করে আমার বক্তৃতা শুরু করছি। আপনারা জানেন, বিদ্যুৎ মানেই সভ্যতার বিকাশ। আমরা মানুষ নই, তবে আমরাও প্রাণী। আগে বিনোদনের অভাবে আমরা যেখানে–সেখানে ঘুরে বেড়াতাম। আর খপ করে কিছু দুষ্টু প্রাণী আমাদের ধরে ফেলত। এখন? টিভি আছে, কম্পিউটার আছে। গত মাসে ইন্টারনেট এসেছে। আমরা এখন ইন্টারনেট ব্রাউজ করি। ফলে আমরা জানি, কোন কোন জায়গায় বিপদ ওত পেতে থাকে। আগে আমাদের ছেলেমেয়েরা কিছু কিছু প্রাণীকে খুব ভয় পেত। টিভিতে মুস্তাফিজকে দেখে তারা এখন বুঝেছে, সব বাঘ খারাপ নয়। ভালো বাঘও আছে।

উডিউল পেকার
ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য। বনে আধুনিকায়ন হয়েছে ঠিকই। তবে আমরা অর্থাৎ পাখিসমাজ পিছিয়ে পড়েছি! আমাদের ইন্টারনেটের স্পিড অতি ধীরগতির। এ ছাড়া গাছের উঁচুতে ইন্টারনেটের স্পিড ভালো নয়। এই সমস্যার দ্রুত সমাধান চাই আমরা।

দাঁতাল খান
সুন্দর এই দুপুরে আপনাদের শুভেচ্ছা। সঞ্চালক সাহেবকে জানাচ্ছি কৃতজ্ঞতা, এমন একটি মহতী উদ্যোগে আমাকে যুক্ত করার জন্য। তো যা বলতে চাইছি, এমন দিন যে নিজ চোখে দেখে যেতে পারব, আগে তা ভাবতেও পারিনি। বিদ্যুৎ আসছে বনে, আধুনিকায়ন হচ্ছে। সুইমিংপুলে গোসল করতে কী যে ভালো লাগে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নদীতে আর কত? এই লবণ পানিতে অরুচি ধরে গিয়েছিল। এখন নদীতে যাই মাঝেমধ্যে। রান্নার জন্য তেল লাগে। নদীতে তেল ভাসে। ফিল্টার করে ওটা দিয়ে রান্না করি। রান্না যে কী চমৎকার টেস্টি হয়, বলে বোঝাতে পারব না! আশা করি, পুরো বনেই খুব তাড়াতাড়ি বিদ্যুৎ আর ইন্টারনেট পৌঁছে যাবে।
সঞ্চালক: সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের এই আলোচনা আমাদের আরও এগিয়ে নেবে বলেই বিশ্বাস। আধুনিকায়নের ছোঁয়ায় আমরা আলোকিত হব, তৈলাক্ত হবে আমাদের জীবন, এটাই আমাদের একান্ত কামনা। পরিশেষে বলতে চাই, আমাদের এই বনে বিদ্যুৎ ও তেল পৌঁছে দেওয়ার পেছনে কিছু মানুষের বিশেষ অবদান রয়েছে। তাঁরা আমাদের অকৃত্রিম বন্ধু। এই পর্বে তাঁদের জীবনীভিত্তিক একটি শর্টফিল্ম প্রদর্শন করছি আমরা।
উপভোগ করুন।
লেখা: মাসউদ ফোরকান