পৃথিবীর প্রাচীনতম খাদের খোঁজ!
উল্কাপাতে সৃষ্ট পৃথিবীর প্রাচীনতম একটি খাদ বা গর্তের সন্ধান পেয়েছেন ডেনমার্কের একজন গবেষক। এর অবস্থান গ্রিনল্যান্ডে।৩০০ কোটি বছর আগে উল্কাপাতে সৃষ্ট এ খাদটি ৬২ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। ১৯ মাইল প্রশস্ত একটি উল্কাপাতে এই খাদটির সৃষ্টি। গবেষকেরা ধারণা করছেন, এ রকম একটি উল্কা বর্তমান সময়ে পৃথিবীতে আঘাত করলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।গ্রিনল্যান্ডে বর্তমান খাদটির আগে প্রাচীনতম যে খাদটি আবিষ্কৃত হয়েছিল, তার অবস্থান দক্ষিণ আফ্রিকায়। ১৮৬ মাইল প্রশস্ত দক্ষিণ আফ্রিকার খাদটি ছিল ২০০ কোটি বছরের প্রাচীন।পশ্চিম গ্রিনল্যান্ড এলাকায় অবস্থিত নতুন খাদটির আবিষ্কারক ডেনমার্কের গবেষক অ্যাডাম গ্যায়াদ। তিনিই সর্বপ্রথম তাত্ত্বিকভাবে এই অঞ্চলে খাদটির অবস্থান চিহ্নিত করেন এবং ম্যাপে এ খাদের অবস্থান দেখান। তাঁর মতে, পশ্চিম গ্রিনল্যান্ডে নিকেল ও প্লাটিনাম ধাতুর আধিপত্যের কারণ এই উল্কাপাত। গ্যায়াদের তাত্ত্বিক এ গবেষণাকে পরীক্ষা করতে ২০১১ সালে একদল গবেষক এই অঞ্চলের নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষা করে গ্যায়াদের তত্ত্ব সঠিক প্রমাণিত হয়েছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স সাময়িকীতে।গবেষকেরা জানিয়েছেন, ৩০০ কোটি বছর আগের এই খাদ বর্তমানে ভূপৃষ্ঠের ১৬ মাইল নিচে চলে গেছে। সাম্প্রতিককালের গ্রিনল্যান্ডের বরফের আস্তরণ এই এলাকাটিকে ঢেকে রেখেছে। তাই এ বিশাল গর্তটির বাইরের দৃশ্য বিলীন হয়ে গেছে। কিন্তু এই উল্কাপাতে সৃষ্ট তরঙ্গ পৃথিবীর কাঠামোতে যে পরিবর্তন এনেছিল, তা আজও দৃশ্যমান।পৃথিবীতে উল্কাপাতের ফলে তৈরি মোট ১৮০টি খাদ এখন পর্যন্ত আবিষ্কার করেছেন গবেষকেরা। আর এই খাদগুলোর এক-তৃতীয়াংশের মধ্যেই মূল্যবান খনিজের সন্ধান মিলেছে। বর্তমানে কানাডার খননকারী একটি প্রতিষ্ঠান গ্রিনল্যান্ডের এ খাদ অঞ্চলে কাজ করছে।গবেষকেরা ধারণা করছেন, ৩০০ থেকে ৪০০ কোটি বছর প্রাচীন আরও খাদের সন্ধান মিলতে পারে। তবে তাঁদের আশঙ্কা, ভূক্ষয় ও টেকটোনিক প্লেটগুলোর স্থান পরিবর্তন এ খাদগুলোর বেশির ভাগ আড়াল করে ফেলেছে।