পৃথিবীর সঙ্গে অনেক মিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর সঙ্গে সদ্য আবিষ্কৃত এই গ্রহটির অনেক মিল রয়েছে। পৃথিবী থেকে এক হাজার ৪০০ আলোকবর্ষ দূরে এর অবস্থান।
পৃথিবীর সঙ্গে সদ্য আবিষ্কৃত এই গ্রহটির অনেক মিল রয়েছে। পৃথিবী থেকে এক হাজার ৪০০ আলোকবর্ষ দূরে এর অবস্থান।

পৃথিবীর সঙ্গে আকারে-প্রকারে অনেক মিল রয়েছে এমন একটি গ্রহের খোঁজ দিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা। গতকাল বৃহস্পতিবার নাসার গবেষকেরা এই আবিষ্কারের ঘোষণা দিয়ে বলেন, সম্ভবত পাথুরে এই গ্রহটি আমাদের পৃথিবীর মতো একটি গ্রহ যা তার নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবীর মতো দূরত্ব বজায় রেখে ঘুরছে। খবর এএফপির।
গবেষকেরা বলছেন, নতুন এই গ্রহটির পৃথিবী থেকে এক হাজার ৪০০ আলোকবর্ষ দূরে গোল্ডিলক জোন এলাকায় অবস্থিত। গোল্ডিলক জোন নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে প্রাণের উদ্ভব ঘটা সম্ভব। এখানকার অনেক গ্রহে তরল পানির অস্তিত্ব থাকতে পারে এবং সূর্যের মতো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তনকারী অনেক গ্রহ সেখানে রয়েছে।
নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দিয়ে এই গ্রহটিতে খুঁজে পেয়েছেন গবেষকেরা। এটির নাম দিয়েছেন ‘কেপলার ৪৫২ বি’। ২০০৯ সাল থেকে জীবনধারণের উপযোগী পৃথিবী সদৃশ গ্রহ শনাক্ত করতে কাজ করছে কেপলার।
এক বিবৃতিতে নাসার গবেষকেরা দাবি করেন, কেপলার ৪৫২ বি আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু ওই নক্ষত্রটি ১৫০ কোটি বছরের পুরোনো যা সূর্যের চেয়ে চার শতাংশ বড় ও ১০ শতাংশ উজ্জ্বল।
নাসার গবেষকেরা বলছেন, কেপলার ৪৫২ বি যদি পাথুরে গ্রহ হয়ে থাকে, তবে তা এখন দুরবস্থায় রয়েছে। কারণ যে মৃতপ্রায় নক্ষত্রটিকে কেন্দ্র করে এটি আবর্তিত হচ্ছে, তার উত্তাপে এখানকার সমুদ্র ও হ্রদের সব তরল বাষ্প হয়ে হারিয়ে গেছে।
গবেষকেরা বলছেন, কেপলার ৪৫২ বি গ্রহটির যে দশা আমাদের পৃথিবীকেও একই দশা ভোগ করতে হতে পারে। এখন থেকে এক কোটি বছর পরে আমাদের সূর্যের বয়স যখন বেড়ে যাবে এবং এটি বেশি উজ্জ্বল হয়ে যাবে, তখন পৃথিবীর অবস্থাও এর মতো হবে।