
শ্রেষ্ঠাংশে: গ্ল্যামারাস মরিচ, রসুন, হলুদ ও সুপারস্টার পেঁয়াজ
দীর্ঘদিনের বন্ধুত্বের পর পেঁয়াজকে প্রপোজ করে মরিচ, পেঁয়াজ তা ফিরিয়ে দেয়।
মরিচ: দ্যাখো পেঁয়াজ, তোমার আছে ঝাঁজ, আমার আছে ঝাল, মিলেমিশে থাকব চিরকাল!
পেঁয়াজ: সরি ভাইয়া, আমার দাম জানো? আরে বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছ কেন। যত্ত সব ছোটলোক কোথাকার!
মরিচ: তুমি আমাকে অন্য মেয়েদের মতো ভাইয়া বললা? না পেঁয়াজ না, তুমি এভাবে বলতে পারো না। আমাদের সেই দিনগুলোর কথা মনে করো।
পেঁয়াজ: সেই দিন আর নেই, মরিচ। তুমি এখনো গরিব রয়ে গেছ, আর দ্যাখো আমার দাম কত্ত বেড়েছে। মরিচ, তুমি এত্তগুলা পচা! আমার ক্যাপসিকাম অপেক্ষা করছে বাসায়! যাই আমি।
মরিচ: বাসায় মানে?
পেঁয়াজ: আমরা লিভ টুগেদার করছি।
মরিচ কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকাল। বৃষ্টি নেমেছে। কাঁচাবাজার বন্ধ হয়ে গেছে।
আদা, রসুন ও হলুদ রান্নাঘরের তাকে অপেক্ষা করছিল বন্ধু মরিচের প্রেমের সুখবর শোনার জন্য। মরিচ এসে সব খুলে বলল।
রসুন: মামা, তুই পেঁয়াজ রে ভুলে যা। তার এখন আঙুল ফুইলা কলাগাছ হইছে। যেদিন ক্যাপসিকাম কলাগাছের কলা খাইয়ে দেবে, সেদিন বুঝবে।
মরিচ: না রসুন না, তাকে কীভাবে ভুলি! একসঙ্গে মিলেমিশে কতভাবেই না চুলার আগুনে দুজন দুজনের হতাম! উত্তাপে সে গলে যেত, আমি জড়িয়ে ধরতাম! কীভাবে ভুলি, বল কীভাবে?
আদা: তোকে ভুলতেই হবে, বন্ধু। সে আর আমাদের বন্ধু নেই। তার এখন অনেক দাম, সে অনেক জনপ্রিয়। পত্রিকায় তাকে নিয়ে রিপোর্ট ছাপায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, টিভিতে দেখায়।
হলুদ সব দেখেশুনে চুপ থাকল। সে পেঁয়াজের কাছে ছুটল বন্ধুর ভালোবাসার দাবি নিয়ে।
হলুদ: দ্যাখো পেঁয়াজ, মরিচ ছেলে হিসেবে খারাপ নয়। তার বড় ভাই হিসেবে বলছি, সুখে থাকবা। কী নেই তার, যা ক্যাপসিকামের আছে?
পেঁয়াজ: হা হা হা, আরে তোমরা সবাই ছোটলোকের দল। আরে তোমাদের প্যাকেটও পাওয়া যায় গলির দোকানে। আমাকে পাওয়া যায়? ক্যাপসিকামকে পাওয়া যায়? তোমরা বিক্রি হও ঝুলে ঝুলে, হা হা হা হা। তোমাদের বিক্রি করে ছিঁড়ে ছিঁড়ে, হা হা হা হা।
হলুদ: মরিচ, তুমি এটা বলতে পারলে!
এ পর্যায়ে মরিচ সরিষার তেল খেতে খেতে একটা গান গাইবে।
তুমি কেবল কাঁদাতেই পৃথিবীতে এসেছ
পেঁয়াজ তোমার শরীরের ভাঁজে ভাঁজে কান্না।
যে ঝাঁজ তুমি দিয়ে গ্যাছো, দ্যাখো তা হচ্ছে না রান্না!
তুমি কেবল কাঁদাতেই পৃথিবীতে এসেছ
কাঁদিয়ে সব লুটেপুটে নিয়ে গ্যাছো।
এদিকে ক্যাপসিকামের বন্ধু লেটুসপাতা পেঁয়াজকে কুপ্রস্তাব দেয়। পেঁয়াজ তা ক্যাপসিকামকে জানালে ক্যাপসিকাম পেঁয়াজকে উল্টো ভর্ৎসনা করে। একপর্যায়ে পেঁয়াজকে নির্যাতনের চেষ্টা করে ক্যাপসিকাম আর লেটুসপাতা। মরিচ বন্ধুদের নিয়ে এসে পেঁয়াজকে উদ্ধার করে
পেঁয়াজ: মরিচ
মরিচ: পেঁয়াজ
পেঁয়াজ: (কান্না করতে করতে) আমি ভুল বুঝেছিলাম। তুমিই আমার সব। ওই ক্যাপসিকাম আমাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝিনি, টাকাই সবকিছু নয়, দামই সবকিছু নয়। আমাকে ক্ষমা করো, মরিচ (মরিচের পা ধরে ফেলে)।
মরিচ: (কাঁদতে কাঁদতে) তোমার জায়গা পায়ে নয়, বুকে! (কথা বলার একপর্যায়ে বুক থেকে হার্ট বের করে ফেলে মরিচ)। তুমি যখন আমাকে ছোটলোক বলেছিলে, আমার হূদয় এভাবে পুড়ে গিয়েছিল (তেলে মরিচ ভাজার দৃশ্য দেখা যাবে)। তুমি যখন ক্যাপসিকামের কথা বলেছিলে, হূদয় এভাবে গর্ত হয়েছিল (খুনতি দিয়ে ফুটন্ত তেলে মরিচ খোঁচানোর দৃশ্য)।
পেঁয়াজ : এসো, সব ভুলে যাই। আমি ভালো হয়ে যাব। আই লাভ ইউ, মরিচ।
মরিচ: চলো তাহলে, দুজন মিলে আজ রান্না করি ঘন ঝোল করে, ঝাল করে।
পেঁয়াজ: চলো।
সবার সামনে দাঁড়িয়ে আদা, রসুন ও হলুদ দাঁত বের করে হাসবে। পেঁয়াজ মরিচের বুকে মাথা রেখে হাসবে।
সমাপ্ত