পেটেন্ট নিয়ে যুদ্ধ
স্মার্টফোনের বাজারে বেশ একটা যুদ্ধের দামামা বাজছে। যুদ্ধটা পেটেন্ট কেনা নিয়ে। আর এই রণক্ষেত্রে গুগল ইনকরপোরেটেড জড়িয়ে পড়েছে ব্যবসার খাতিরে। প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সেল কেন্ট ওয়াকার বললেন, সবচেয়ে ভালো রাস্তা খুঁজে বের করা বেশ কঠিন। ভীষণ আইনি জটিলতাও সৃষ্টি হয়েছে এরই মধ্যে। আর ঝামেলা এড়াতেই নতুন পেটেন্ট কেনার কথা ভাবছে গুগল। যাতে আর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে না হয়। এদিকে ইউএস পেটেন্ট এবং ট্রেডমার্ক কার্যালয়ের সুদৃষ্টিও কামনা করছে প্রতিষ্ঠানটি।ওয়াকার বললেন, ‘কংগ্রেস এবং ফেডারেল ট্রেড কমিশনেরও সময় এসেছে এই সফটওয়্যার পেটেন্ট এবং মামলা-মোকদ্দমাগুলোর ব্যাপারে মাথা ঘামানোর। প্রযুক্তিশিল্পে এটা একটা বড় সমস্যা।’ এই মুহূর্তে গুগলের তহবিলে আছে তিন হাজার ৯১ কোটি ডলার। এবং গত জুন মাস থেকে স্বল্পকালীন বিনিয়োগও শুরু করেছে তারা। পেটেন্ট নিয়ে এই হুজ্জতের সৃষ্টি হয়েছে মুঠোফোনের যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান নরটেল নেটওয়ার্কস করপোরেশনকে ঘিরে। ব্যাংক এই প্রতিষ্ঠানটিকে ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করেছে। আর নিলামে ওঠা নরটেলকে কিনতে গিয়েই লড়াইয়ে নেমেছে গুগল, অ্যাপল, মাইক্রোসফট এবং রিসার্চ ইন মোশন লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলো। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানগুলোর প্রতিটিই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিপরীতে অপারেটিং সিস্টেম বাজারে ছেড়েছে বেশ আগেই। প্রাথমিক পর্যায়ে নরটেল কিনে নিতে গুগল দিতে চেয়েছে ৯০০ মিলিয়ন ডলার। ‘এ ব্যাপারে একটা নিয়মের মধ্য দিয়ে এগোতে চাইছি আমরা। আমরা সাধ্যের মধ্যে বিকল্প ব্যবস্থা চাই। এটাও চাই, গুগল এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন পণ্য দিয়ে ভোক্তাদের খুশি রাখুক।’ বলছিলেন ওয়াকার।মোবাইল ফোন অপারেটিং সিস্টেম হিসেবে গুগলের অ্যান্ড্রয়েডের বাজার এখন রমরমা। বিশ্ববাজারে স্মার্টফোনের ৩৮ দশমিক ৯ শতাংশই অ্যান্ড্রয়েডচালিত। যেখানে অ্যাপলের আইফোনের সংখ্যা ১৮ দশমিক ২ শতাংশ। এদিকে অ্যাপল উদ্ভূত পেটেন্ট সমস্যার কারণে মামলা ঠুকে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস, এইচটিসি করপোরেশন এবং মটোরোলা মোবিলিটির বিরুদ্ধে। পাল্টা মামলা করতেও কসুর করেনি বাদবাকি প্রতিষ্ঠানগুলো। ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন এই মামলা নিয়ে মাথা ঘামাচ্ছে। তারা চাইলে যেকোনো প্রতিষ্ঠানের আমদানিও বন্ধ করে দিতে পারে এক ইশারায়। আর এত সব ফেঁকড়া দেখে গুগল খুঁজছে ভিন্ন পথ। মামলা-মোকদ্দমার মধ্যে না গিয়ে কী করে পেটেন্টের মালিক হওয়া যায়—এটাই এখন তাদের ধ্যান-জ্ঞান। —ওয়েবসাইট অবলম্বনে মাহফুজ রহমান