পেটেন্ট ভঙ্গে রিমের জরিমানা ১৪ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের ‘এমফরমেশন’ নামে একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে মামলায় হেরেছে ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)।সানফ্রান্সিসকোর আদালত মামলার রায়ে পেটেন্ট ভঙ্গের অভিযোগে রিমকে ১৪ কোটি ৭২ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।১৯৯৯ সালে দূরনিয়ন্ত্রিত ও তারবিহীন পদ্ধতিতে কোনো পণ্য নিয়ন্ত্রণ করা, সফটওয়্যার আপডেট, স্মার্টফোনে পাসওয়ার্ড পরিবর্তন বা তথ্য মুছে দেওয়ার সফটওয়্যার উদ্ভাবন করেছিল এমফরমেশন। ২০০১ সালে তারা পেটেন্টের জন্য আবেদন করেছিল। রিম তাদের পেটেন্ট ভঙ্গ করেছে অভিযোগে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে মামলা করেছিল প্রতিষ্ঠানটি।মামলার রায় প্রসঙ্গে এমফরমেশনের আইনজীবী অমর ঠাকুর জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি শুনানি ও জিজ্ঞাসাবাদ শেষে আট সদস্যের জুরিবোর্ড এই রায় দিয়েছেন। রিম কর্তৃপক্ষ পেটেন্ট ভঙ্গের বিষয়টি আগে থেকেই অস্বীকার করে আসছে। তবে মামলার রায় দেওয়ার পর এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি রিম কর্তৃপক্ষ।