পেটেন্ট মামলায় জড়াল থ্রিডি প্রিন্টার
থ্রিডি প্রিন্টারের পেটেন্ট ভঙ্গের অভিযোগে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট কিকস্টার্টারের বিরুদ্ধে মামলা করেছে থ্রিডি সিস্টেমস নামের থ্রিডি প্রিন্টার নির্মাতা প্রতিষ্ঠানটি। কিকস্টার্টার থেকে অর্থ সংগ্রহ করার পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকেরা ফরমল্যাবস নামে থ্রিডি প্রিন্টার তৈরি করেছিলেন। থ্রিডি সিস্টেমসের দাবি, তাঁদের পেটেন্ট ভঙ্গ করে তৈরি হয়েছে ফরমল্যাবস প্রিন্টার। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।থ্রিডি সিস্টেমস কর্তৃপক্ষ জানিয়েছে, কিকস্টার্টার নতুন ধরনের থ্রিডি প্রিন্টারের প্রচারণা চালাচ্ছে। এ প্রিন্টার তৈরিতে দুই হাজার উদ্যোক্তার কাছ থেকে ২৯ লাখ ডলার সংগ্রহ করে এমআইটির গবেষকেদের কাছ থেকে ফরমল্যাবস প্রিন্টার তৈরি করিয়ে নিচ্ছে। এ থ্রিডি প্রিন্টার থ্রিডি সিস্টেমসের একটি পেটেন্ট লঙ্ঘন করেছে। আর একারণেই ফরমল্যাবসের বিরুদ্ধে মামলা করা হয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি ক্ষেত্রে এখন পেটেন্ট নিয়ে মামলার বিষয়টি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তবে প্রথমবারের মতো কোনো ওয়েবসাইটে প্রচারণার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।প্রসঙ্গত, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ত্রিমাত্রিক বস্তু প্রিন্ট করার বিশেষ ধরনের মুদ্রণযন্ত্রকে থ্রিডি প্রিন্টার বলে।