পেটেন্ট যুদ্ধে অ্যাপলের কাছে এইচটিসির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ান-ভিত্তিক মোবাইল ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি পেটেন্ট লড়াইয়ে অ্যাপলের কাছে হেরে গেছে।আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে অ্যাপল এইচটিসির বিরুদ্ধে যে পেটেন্ট ভঙ্গের অভিযোগ এনেছিল, তার ভিত্তিতে প্রতিষ্ঠানটি তদন্ত চালিয়ে প্রমাণ পেয়েছে যে একটি ক্ষেত্রে এইচটিসি পেটেন্ট বিধি লঙ্ঘন করেছে।এর ফলে এইচটিসি যুক্তরাষ্ট্রে আগামী বছরের এপ্রিল থেকে তাদের যেসব স্মার্টফোনে অ্যাপলের অভিযোগকৃত অ্যাপ্লিকেশনটি আছে, সেগুলো বিক্রি করতে পারবে না।অ্যাপল এই মুহূর্তে বিশ্বের অনেক স্থানেই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পেটেন্ট নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য কমিশনের কাছে অ্যাপল এইচটিসির বিরুদ্ধে ১০টি পেটেন্ট ভঙ্গের অভিযোগ তুলেছিল।এদিকে, এইচটিসি বিশ্ব বাণিজ্য কমিশনের এ রায়কে এক অর্থে তাদের বিজয় হিসেবেই দেখছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্ব বাণিজ্য কমিশন যে পেটেন্টটি ভঙ্গের রায় দিয়েছে, সেটা ঠিকই আছে, তবে অ্যাপলের বাকি নয়টি পেটেন্ট ভঙ্গের অভিযোগ থেকে মুক্ত হওয়াটাই তারা বড় বিজয় হিসেবে দেখছে।এইচটিসি ঘোষণা দিয়েছে, বিশ্ব বাণিজ্য কমিশনের নির্দেশনা মোতাবেক তারা তাদের সব স্মার্টফোন থেকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি প্রত্যাহার করে নেবে।বিশ্লেষকেরা মনে করছেন, এইচটিসি অভিযুক্ত অ্যাপ্লিকেশনটি প্রত্যাহার করে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের বিচরণ সহজ হবে।এইচটিসির তরফে আরও বলা হয়েছে, অ্যাপলের অভিযোগের ভিত্তিতে তারা যে অ্যাপ্লিকেশনটি প্রত্যাহার করবে তার বদলি নাকি প্রায় তৈরিই হয়ে আছে। পেটেন্ট ভঙ্গের অ্যাপ্লিকেশনটি প্রত্যাহারের প্রায় সঙ্গে সঙ্গেই তারা নতুন অ্যাপ্লিকেশন সংযুক্ত করে স্মার্টফোন বাজারে ছাড়বে।এইচটিসির অধিকাংশ স্মার্টফোনই গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। প্রতিষ্ঠানটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মোবাইল ফোনসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। রয়টার্স।