পোকেমন গো খেলে জেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গির্জায় পোকেমন গো খেলেছিলেন রুসলান সোকোলোভস্কি
গির্জায় পোকেমন গো খেলেছিলেন রুসলান সোকোলোভস্কি

জনপ্রিয়তায় তুঙ্গে থাকলেও গেমারদের কম বিড়ম্বনায় ফেলেনি পোকেমন গো। গেমটি একদিকে যেমন সড়ক দুর্ঘটনার কারণ হয়েছে, অন্যদিকে নিরাপত্তা বিঘ্নের কারণে বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষিতও হয়েছে। এবার এই গেম খেলে জেলে গেলেন এক রুশ ইউটিউবার। পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর।
২২ বছর বয়সী ইউটিউবার রুসলান সোকোলোভস্কি গত ১১ আগস্ট ইউটিউবে এক ভিডিও ছাড়েন। যেখানে তাঁকে ইয়েকাতারিনবার্গের একটি গির্জায় পোকেমন গো গেম খেলতে দেখা যায়। ভিডিওটি এ পর্যন্ত প্রায় ১০ লাখ বারের বেশি দেখা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমে এলে তাঁকে আটক করা হয়।
রাশিয়ার তদন্ত বিভাগ গত শনিবার এক বিবৃতি প্রকাশ করে, গেমার রুসলানের বিরুদ্ধে ঘৃণা বা শত্রুতামূলক মনোভাব পোষণ ও প্রচার এবং মানবমর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে আটক করে রাখা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের সর্বোচ্চ শাস্তি হিসেবে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তবে ইয়েকাতারিনবার্গের মেয়র ইয়েভেনি রইজমান রুসলানকে আটকের ঘটনা বর্বরতা বলে উল্লেখ করেন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, আপনাকে মানবিক নির্বুদ্ধিতা বা খারাপ আচরণের জন্য আটক করা যেতে পারে না।
এদিকে জাপানের এক ট্রাকচালক অসতর্কভাবে দুই নারীকে ধাক্কা দেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়ি চালানোর সময় তিনি পোকেমন গো খেলছিলেন। অপরদিকে নিউইয়র্কে এক গাড়িচালক পোকেমন ধরার সময় গাড়িসহ একটি গাছের সঙ্গে ধাক্কা খান। গেমটি কম্বোডিয়া, ইরান ও ইসরায়েলে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: সিনেট