পৌরসভা নির্বাচন : শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন বাদেই পৌরসভা নির্বাচন। প্রার্থীদের হাতে মোটেও সময় নেই। শেষ মুহূর্তে তাঁদের প্রস্তুতি কেমন হবে, পৌর মেয়র না হয়েও তা-ই জানাচ্ছেন রস‍+আলোর বিশেষজ্ঞ।

.
.

: নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। মনে রাখবেন, এটা নিশ্চিন্তে বসে বসে লুডু খেলার সময় নয়! কাজেই মাথার মধ্যে নির্বাচন-সংক্রান্ত রাজ্যের দুশ্চিন্তা আর অস্থিরতা ‘আপলোড’ করুন।
: সম্ভব, আধা সম্ভব, অসম্ভব, কাল্পনিক, অতিপ্রাকৃত—সব ধরনের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ধরনা দিন!
: রাতের ঘুম হারাম করুন। দিনের আলোয় যে কাজগুলো করতে পারেননি, তা রাতের আঁধারে করার জোর চেষ্টা চালান। শেষ মুহূর্তে অনেক ভোটারকে ম্যানেজ করতে রাত জাগার কোনো বিকল্প নেই! (এ জন্য নিশাচর প্রাণী ও পেশাজীবীদের সাহায্য নিতে পারেন।)
: সব কাজ ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে করতে হবে, এমন কোনো কথা নেই! সাফল্যের জন্য চুপিচুপিও অনেক কাজ করতে হয়। সেসব কাজ যথেষ্ট গুরুত্ব দিয়ে করুন।
: ভোটারদের মন গলানোর জন্য মনের গলনাঙ্ক অনুযায়ী নাকের জল, চোখের জল এক করুন। অনেক চেষ্টা সত্ত্বেও চোখে জল না এলে মায়াকান্না কাঁদুন। এ জন্য সময়-সুযোগ বুঝে বাংলা সিনেমা দেখে নিতে পারেন। প্রয়োজনে ‘কীভাবে মায়াকান্না কাঁদবেন’-টাইপের কোনো রেফারেন্স বইয়ের ওপর চোখ বুলিয়ে নিন।
: নিজেকে অন্যদের চেয়ে সেরা ভাবুন। সাফল্যের জন্য ছল-বল-কৌশল কতটুকু, কী পরিমাণে প্রয়োগ করতে হবে, শেষ মুহূর্তে তার একটা হিসাব করে নিন।

: ‘বাদ যাবে না একটি ভোটার’—এই স্লোগান নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে, জানালায় জানালায় ঘুরুন। ভোট চাওয়ার সময় অবশ্যই চোখেমুখে ‘ভাজা মাছটি উল্টে খেতে জানি না’—এ ধরনের অভিব্যক্তি নিয়ে আসুন!

: নির্বাচনী প্রচারণার সময় নির্বাচন কমিশনের দেওয়া যেসব বিধিনিষেধ আপনার সাফল্যের অন্তরায় মনে হয়, তা নিজ দায়িত্বে এড়িয়ে চলুন কিংবা দেখেও না দেখার ভান করুন!

: ত্যাঁদড়-টাইপের ভোটারদের ম্যানেজ করতে নম্রতার সঙ্গে হুমকিধমকি দিন! প্রয়োজনে গোপনে আন্তরিকতার সঙ্গে হাতে হাত মেলান।

: বুকের ভেতরে-বাইরে সমান জোর রাখুন। রাস্তাঘাটে, বাড়িতে-গাড়িতে, যার সঙ্গেই দেখা হয়, পরম আত্মীয়ের মতো বুকের সঙ্গে ঠেসে ধরুন। তবে আবেগের বশে যার-তার সঙ্গে কোলাকুলি করতে যাবেন না। কোলাকুলির আগে অবশ্যই নারী-পুরুষের পার্থক্য যাচাই করে নিন!

: সামাজিক যোগাযোগের মাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিন। নির্বাচনী প্রচার-প্রচারণায় বাড়তি মাত্রা যোগ করতে গরিব-দুঃখী মানুষের সঙ্গে দুঃখী দুঃখী ভাব নিয়ে ছবি তুলে ঘণ্টায় ঘণ্টায় ফেসবুকে আপ করতে পারেন।

: কষ্ট করে ভোটকেন্দ্রে না গিয়ে ভোটারদের নিজ ঘরে থেকে অন্যের মাধ্যমে ভোট দিতে উৎসাহিত করুন! এ কাজে নিজের একদল চৌকস কর্মী নিয়োগ করা যেতে পারে।

: যেহেতু আপনি ছাড়া আর কেউই ঠিকমতো জনগণের সেবা করতে পারবে না, তাই প্রতিদ্বন্দ্বীদের সব ধরনের ‘অপচেষ্টা’, ‘অপকৌশল’ রুখতে আপনার কর্মীবাহিনীকে সজাগ রাখুন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনে ভয়ভীতির কমতি থাকলে যথেষ্ট পরিমাণ ভয়ভীতির সঞ্চার করুন!

: ভোট প্রদান একটি নাগরিক দায়িত্ব। অনেক ভোটারই আছেন, যাঁরা মনে করেন, একটিমাত্র ভোট দিলে দায়িত্ব ঠিকঠাক পালন হয় না! কাজেই বাড়তি হিসেবে একাধিক ভোট দিতে আগ্রহী—এমন দায়িত্বশীল ভোটারদের বাহবা দিন।