পোওওওক POKE

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

অনেক দিন গ্রামে যাওয়া হয় না। সবুজ দেখি না, পাখি দেখি না। খোলা আকাশের নিচে নদী দেখা হয় না বহুদিন। কথাগুলো বলে শেষও করতে পারিনি। বন্ধু নোবেল রীতিমতো গায়ে পড়ে তার আফসোসের গল্প বলা শুরু করল।
তার দুঃখ দেখলাম আমার চেয়েও বেশি। আমার কথার সঙ্গে সুর মিলিয়ে সে বলে গেল, ‘ঠিকই বলেছিস বন্ধু, অনেক দিন ইনস্টাগ্রামে যাই না! কাজের ব্যস্ততায় সুন্দর সবুজ দেখা হয় না। গাছপালার ল্যান্ডস্কেপ, কৃষকের পোর্ট্রেট...খুব মিস করি, খুব! ফেসবুকে একটা দারুণ পেজ আছে, নাম “তুলকালাম ফটোগ্রাফি”। আমি ওদের রেগুলার ফলো করি।’
নোবেলের কথাগুলো শুনে বেশ জোরে একটা চড় দিতে ইচ্ছে করল আমার। পারছি না, কারণ, নোবেলের স্বাস্থ্য সমীহ করার মতো। মনোযোগ দিয়ে ঘুষি দিলে বারোর ঘরের নামতাটাও ভুলে যেতে পারি। তাই এ যাত্রা চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। তবে নোবেল বন্ধুটিকে নিয়ে আনন্দ যে আরও বাকি আছে, সেটা বুঝলাম দিন সাতেক পর, যখন তাকে নিয়ে আমার গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম।
দাদুবাড়ির বিশাল উঠানের পাশে বেঞ্চে বসে আছি দুজন। সন্ধ্যা নামছে। একটানা ঝিঁ ঝিঁ শব্দ ভেসে আসছে কোথা থেকে যেন। সম্ভবত ঝিঁঝি পোকার ডাক। বিকেল-সন্ধ্যার মাঝামাঝি সময়টায় সবুজ রংটা কেমন যেন ছাই রং মনে হয়। সব মিলিয়ে দারুণ! নোবেলের এসব দিকে মন নেই। মাথা নিচু করে বসে আছে। হায় রে স্মার্টফোন! এমন স্মার্ট ছেলেটাকেও মাথা উঁচু করতে দিচ্ছে না। আফসোস। ওর জন্য বড় একটা দীর্ঘশ্বাস ফেলব ভাবছি। নিয়ম করে ফেলতে হবে। সকালে ফেললে ভালো হয়। আফটার ঘুম দীর্ঘশ্বাস নাকি স্বাস্থ্যের জন্য উত্তম।
এরই মধ্যে নোবেল খানিক পরপর আশপাশে কিছু না তাকিয়েই ‘হোয়াট আ ট্রিমেন্ডাস সানসেট এভার আই হ্যাড সি’ টাইপের স্ট্যাটাস দিচ্ছে। লাইক আর কমেন্ট চেক করতে করতে সন্ধ্যাটাও নামল ঝুপ করে। শুধু সন্ধ্যা না, চাচাতো ভাই সৌরভও কোথা থেকে যেন ডাউনলোড হলো সামনে। স্কুলে ভর্তি হয়নি সে, তবে বেশ কয়েকটা ইংলিশ আর বাংলা ছড়া তার মুখস্থ। বাল্যশিক্ষার প্রথম ধাপ অনুসরণ করে বড়রা কেমন করে যেন বাচ্চাদের টেপ রেকর্ডার বানিয়ে ফেলেন! যার মিষ্টি অত্যাচার সহ্য করতে হয় বাড়িতে আসা মেহমানদের।
সৌরভ মুখস্থ বলে যাচ্ছে। বুঝলাম, তার একটা নিজস্ব সিরিয়াল আছে। সে ওই সিরিয়াল মেইনটেন করে একটার পর একটা ছড়া শোনায়। কিন্তু বেরসিক নোবেলের ‘পোওওওক’ চিৎকার তাকে থামিয়ে দিল। নোবেলের মেয়েবন্ধুটি তার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকটিভ করেছে এবং তাকে পোক করেছে। এতেই এমন চিৎকার। কিন্তু সৌরভ কিছুতেই বুঝতে পারছে না যে সামান্য পোক দেখে নোবেল ভাইয়া কেন এমন ভয় পেল। সে তো সারা দিন কত পোক পিষে পিষে মারে। যতবারই সৌরভ বলে ‘কত বড় পোক, ভাইয়া?’ নোবেলের উত্তর, ‘আ রে, এই পোক সেই পোক না।’
এই পোক—তর্ক শেষতক আর শেষ হয়নি, তবে জার্নিটা দারুণ ছিল। বিস্তারিত জানতে আমার বন্ধু নোবেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘুরে আসতে পারেন।