পোল্যান্ড ও ব্রাজিলের ওয়েবসাইটে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ড সরকারের ওয়েবসাইটে গতকাল সোমবার সকালে একদল হ্যাকার হামলা চালিয়েছে। এই হ্যাকাররা নিজেদের ‘পোলিশ আন্ডারগ্রাউন্ড’ নামে পরিচয় দিয়েছে। হ্যাকাররা জানায়, জালিয়াতিবিরোধী বাণিজ্য চুক্তির (এসিটিএ) প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। হ্যাকিংয়ের পর গতকাল পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। সাইটটি অন্য একটি সার্ভারে স্থানান্তর করা হয়। পোলিশ সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর আগে গত সপ্তাহান্তে কম্পিউটার হ্যাকার গ্রুপ পোল্যান্ডের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের ওয়েবসাইটে হামলা চালায়। এসিটিএর প্রতিবাদে এ হামলা চালানো হয়।পোল্যান্ড সরকার এসিটিএ চুক্তিতে সইয়ের ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও এ ব্যাপারে এখনো কোন ঘোষণা দেয়নি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য অ-ইউরোপীয় দেশ এতে সই করেছে। এদিকে একদল হ্যাকার গত শনিবার ব্রাজিলের বেশ কয়েকটি ওয়েবসাইটে হামলা চালায়। এর মধ্যে দেশটির প্রখ্যাত সংগীত তারকা পলা ফার্নান্দেজের ওয়েবসাইট ছিল। হামলার কারণে তাঁর ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। তবে দেশটির কর্মকর্তারা হামলার কারণে কোনো ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান