পোল্যান্ডে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডের গ্দানস্ক্ শহরে গত শুক্রবার থেকে শুরু হয়েছে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের (উইকিপিডিয়ান) বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন উইকিম্যানিয়া ২০১০ (http://wikimania2010.wikimedia.org)। প্রতিবছর স্থানীয় আয়োজকদের সহযোগিতায় উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিম্যানিয়া আয়োজন করে থাকে। এই অনুষ্ঠানে অংশ নিয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন ভাষার উইকিপিডিয়া, উইকিবুক, উইকিমিডিয়া কমন্সসহ উইকিপিডিয়ার অন্যান্য সহপ্রকল্পের স্বেচ্ছাসেবকেরা। বাংলাদেশ থেকে এই সম্মেলনে অংশ নিচ্ছেন বেলায়েত হোসেন ও নাসির খান। পোলিশ বাল্টিক হারমোনিয়ায় শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে আগামীকাল। প্রতিদিনের অনুষ্ঠানগুলো তিনটি করে অধিবেশনে ভাগ করা হয়েছে। প্রতিটি অধিবেশনে তিনটি করে সেমিনার ও কর্মশালা থাকছে।শুক্রবার সকালে আয়োজক দলের সভাপতি মারচিন চেশলার সম্মেলনের উদ্বোধন করেন। পরবর্তী বছরগুলোতে উইকিমিডিয়া ফাউন্ডেশন কী কী পদক্ষেপ নেবে সেসব বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্যু গার্ডনার এবং এর পরপরই উইকিমিডিয়া ট্রাস্টি বোর্ডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই প্যানেলে উইকিমিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসসহ পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। দিনের অন্য অধিবেশনগুলোতে ছিল উইকিমিডিয়া এশিয়া প্রকল্প, অফলাইন উইকিপিডিয়াসহ নানা বিষয়ের আটটি সেমিনার অনুষ্ঠিত হয়। —নাসির খান, গ্দানস্ক্ (পোল্যান্ড) থেকে