
তাসলিমা আখতার নিজেকে পরিচয় দেন একজন রাজনৈতিক কর্মী ও আলোকচিত্রী হিসেবে। ‘আলোকচিত্র ইতিহাসের সাক্ষ্য দেয়, এর মাধ্যমে নিজের মতামতকে শক্তিশালীভাবে তুলে ধরা যায়।’ এই চিন্তা থেকে তাঁর ছবি তোলার শুরু। ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা থেকে তিনি ফটোসাংবাদিকতার ওপর তিন বছরের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে তাঁর তোলা ছবি স্থান পেয়েছে। ২০১০ সালে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালীন আন্দোলনের অংশ হিসেবে তিনি ‘পোশাকশ্রমিকের জীবন ও সংগ্রাম’ শীর্ষক তাঁর প্রথম একক প্রদর্শনীর আয়োজন করেন দৃক গ্যালারিতে। পরের বছর তিনি ম্যাগনাম বৃত্তি নিয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একটি আলোকচিত্রবিষয়ক কোর্সে অংশ নেন। এ ছাড়া তিনি লালন সাধকের জীবনের ওপরও ধারাবাহিক কাজ করেছেন, ছবি তুলেছেন নানা আন্দোলন-সংগ্রামের। পোশাকশ্রমিকের জীবন ও সংগ্রাম এবং অন্যান্য বিষয়ে তাঁর তোলা ছবি ভারত, কম্বোডিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। তিনি পোশাকশ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছেন। বর্তমানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোকচিত্রের ভাষা হতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার—এমনটাই বিশ্বাস করেন তাসলিমা। ক্যামেরার ক্লিক থেকে সেই পরিবর্তনের পথ খুঁজছেন তিনি। পাঠশালায় শিক্ষার্থী অবস্থা থেকেই তিনি পোশাকশ্রমিকদের জীবন নিয়ে কাজ শুরু করেন।
যে জীবন শ্রমিকের

‘বাংলাদেশে প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক কাজ করছেন। তাঁদের পরিবার-পরিজন যদি আমরা হিসাব করি, দেখা যাবে কোটির অধিক মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল। দেশের এত বড় একটা জনগোষ্ঠী যে শ্রমের ওপর নির্ভরশীল, অনেক ক্ষেত্রেই তাঁরা তাঁদের ন্যূনতম মজুরিটা পান না।’ তাসলিমার এই উক্তি শুধু তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে বলা, তা নয়। দীর্ঘদিন ধরে তিনি পোশাকশ্রমিকদের জীবন দেখেছেন খুব কাছ থেকে।
‘একটা অদ্ভুত ব্যাপার কি জানেন?’ আলাপের এক ফাঁকে বলছিলেন তিনি। ‘একটা মানুষ যখন অনেক দিন ধরে পোশাক কারখানায় কাজ করে, তার চেহারায় কেমন একটা ম্লানভাব চলে আসে। মানুষগুলো কেমন যেন অপুষ্টিতে ভোগে। তাদের দেখলেই আপনি বুঝবেন, এই মানুষটা পোশাক কারখানায় কাজ করে।’ শুধু যে শ্রমিকদের দুঃখ-দুর্দশাগুলোই যে তাসলিমা ক্যামেরায় বন্দী করেছেন, তা নয়। শ্রমিকদের আনন্দ, উৎসব, স্বাভাবিক জীবনযাত্রাও দেখেছেন ক্যামেরার চোখে। স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ‘তখন দেশে জরুরি অবস্থা চলছে। সালমা নামের একজন পোশাকশ্রমিকের মৃত্যু নিয়ে বড় একটা আন্দোলন হয়েছিল। কোনো কিছুর তোয়াক্কা না করে হাজার হাজার শ্রমিক সেদিন রাস্তায় নেমেছিলেন। সেদিন যাঁরা বক্তৃতা করছিলেন, তাঁরা সবাই ছিল পোশাকশ্রমিক। সেই দৃশ্যটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল।’
এত দিন যাদের ছবি তুলছেন, মনে মনে কোন দৃশ্যটা ক্যামেরায় বন্দী করার অপেক্ষায় আছেন তিনি? তাসলিমা বলেন, ‘আমি পোশাকশ্রমিকদের মধ্যে “প্রাণ” দেখতে চাই। ছবি তোলার জন্য নয়। আমি মনেপ্রাণে চাই, তাঁদের জীবনের সব দুর্ভোগ দূর হোক। আমরা যেন তাঁদের “কাজ করার মেশিন” না ভাবি।’