নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। পছন্দ করেন পাঞ্জাবি-পাজামা। আবার কাজের সঙ্গী মুঠোফোন বা ল্যাপটপ। আজকের অধুনায় থাকছে এই শিল্পীর স্টাইল। খায়রুল আনাম শাকিল। নজরুলের জীবনদর্শন, ভাবধারা সবকিছুর প্রতি রয়েছে তাঁর গভীর অনুরাগ। বাংলা গান কণ্ঠে ধারণের পাশাপাশি পোশাকের আচারেও ষোল আনা বাঙালি। ‘আমার প্রধান পরিচয় আমি বাঙালি’ নিজের পরিচয়টা এভাবে দিতেই ভালোবাসেন নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম। পোশাকের মধ্যে পাঞ্জাবি তাঁর সবচেয়ে পছন্দের পোশাক। তাঁর পাঞ্জাবি পরার অভ্যাসটা নতুন নয়। যখন ছায়ানটের গানের শিক্ষার্থী ছিলেন; সে সময় থেকেই পাঞ্জাবি পরতেন। তারপর অবশ্য বেশ ক’বছর কাটিয়েছেন বিলেতে। বিলেত থেকে পাস করে আসা তরুণ প্রকৌশলী খায়রুল আনামের তখনো পছন্দের পোশাক ছিল পাঞ্জাবি।

বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে তাঁর সংগ্রহে। তবে সুতি ও এন্ডি সিল্কের পাঞ্জাবিগুলোই ঘুরেফিরে বেশি পর্রা হয়, বললেন তিনি। রঙের মধ্যে প্রাধান্য দেন লাল, নীল চাপা সাদা রংগুলোকে। স্ত্রী কল্পনা আনামের সঙ্গে কেনাকাটায় বের হলে দুজনের চোখই থাকে কলাপাতা রঙের পাঞ্জাবির দিকে।

আড়ংয়ের পাঞ্জাবিতে তিনি খুঁজে পান সবচেয়ে আরাম। কেনাকাটায় স্ত্রী কল্পনা আনামের মতামতকে সব সময়ই গুরুত্ব দিয়ে থাকেন। খায়রুল আনাম পাঞ্জাবির সঙ্গে সাদা রঙের পাজামা আর পায়ে পরেন চামড়ার স্যান্ডেল।
প্রতিদিন সকালের ঘুমটা ভাঙার পর আড়মোড়া দেওয়া আর পত্রিকা পড়া চলে একসঙ্গে। ঘরে তিনি চেক টি-শার্টেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। মুঠোফোন নামক যন্ত্রটার সঙ্গে তাঁর বেশ সখ্য আছে বলা যায়। স্যামসাং গ্যালাক্সি এসথ্রি মুঠোফোনটা তাঁর ব্যক্তিগত সহকারীর ভূমিকাই পালন করে। প্রতিদিন সকালে সারা দিনের কর্মতালিকাটা দেখে নেন মোবাইল ফোনেই। তারপর ঘড়ির সময় মিলিয়ে চলা। ঘড়ির মধ্যে পছন্দের ব্র্যান্ড ক্রেডেনস।

সুগন্ধির মধ্যে ফরাসি সুগন্ধির প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা। শ্যানেল, হুগো বস ও আরমানি হচ্ছে পছন্দের ব্র্যান্ড। ছায়ানটের সাংগঠনিক কাজ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, গানের আসরে তাঁকে পাঞ্জাবিতে খুঁজে পাওয়া গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষকতা করতে যাওয়ার সময় পরেন শার্ট-প্যান্ট।

হালকা নীল রঙের শার্ট পরতেই বেশি পছন্দ করেন। দেশিয় শার্টগুলো কেনা হয় সাধারণত আর্টিস্টি থেকে। এ ছাড়া পারিবারিক অনুষ্ঠানে পরেন পছন্দের স্যুট-কোট ও কালো জুতা।
খায়রুল আনাম শিক্ষকতার বাইরে দেখাশোনা করেন পারিবারিক ব্যবসা। এ ক্ষেত্রে তাঁর কাছের বন্ধু ল্যাপটপটি। ল্যাপটপে শুধু কাজই করেন, তা কিন্তু নয়। কখনো কখনো স্কাইপে ছেলে ধ্রুবের সঙ্গে জমিয়ে দেন আড্ডা।

ধ্রুব পড়াশোনা করে লন্ডনে। আবার কখনো অবসর কাটে ফেসবুকেও। বাইরে বের হলে নিজেই চালাতে পছন্দ করেন হালকা নীল রঙের তাঁর নিজের টয়োটা করোলা গাড়িটি।
যত কাজই থাকুক, সপ্তাহে দুটি দিন তিনি বেছে নেন নিজের গানের চর্চার জন্য। তখন তাঁর সঙ্গী হয় প্রিয় সেতার। অবসরে হেলানো চেয়ারে গা এলিয়ে গান শুনতে বেশ পছন্দ করেন তিনি।

নিজের সংগ্রহে রয়েছে পুরোনো গানের বহু সিডি।
নিজের ফ্যাশন নিয়ে তাঁর মতে, যে ফ্যাশনের সঙ্গে আমাদের শৈশব কাটে, তা-ই আমাদের মনে দাগ কেটে থাকে।