প্যাটেন্ট নিয়ে উত্তপ্ত প্রযুক্তির বাজার
অনেক দিন ধরেই টেলিকম জগতে প্যাটেন্ট নিয়ে ঠান্ডা লড়াই চলে আসছিল। কিন্তু এই লড়াই তুঙ্গে উঠে গেছে গুগলের কারণে। মটোরোলার মোবাইল ফোনসেট প্রস্তুতকারী ইউনিট মোবিলিটি ইনকরপোরেশন কিনে নেওয়ার পর গুগল প্যাটেন্ট লড়াইকে দিয়েছে অন্যমাত্রা। গুগল কেবল মোবিলিটি কিনেই ক্ষান্ত হয়নি। মালিকানা হাতিয়ে নিয়েছে ১৭,০০০ টেলিকম প্রযুক্তির প্যাটেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, তাদের উদ্ভাবিত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে নিরাপদ করতেই গুগলের এই তৎপরতা।সম্প্রতি নরটেলের ৬০০০ টেলিকম প্রযুক্তির প্যাটেন্ট নিয়ে এক নিলাম লড়াইয়ে অংশ নিয়েছিল তিন প্রযুক্তি জায়ান্ট গুগল, অ্যাপল, মাইক্রোসফট করপোরেশন ও রিসার্চ-ইন-মোশন। এই লড়াইয়ে হেরে যায় গুগল। অনেকে বলছেন, মোবিলিটি কিনে নিয়ে ১৭,০০০ টেলিকম প্রযুক্তির প্যাটেন্ট হস্তগত করা হচ্ছে গুগলের সেই পরাজয়ের একটি দাঁতভাঙা জবাব।গুগল কিন্তু টেলিকম প্রযুক্তির বাজারে তুলনামূলক নতুন খেলোয়াড়। এদের মালিকানায় টেলিকম প্রযুক্তির প্যাটেন্টও তেমন একটা ছিল না। কিন্তু প্রতিষ্ঠানটির ব্যাংক ব্যালান্স সমৃদ্ধ হওয়ার এরা এখন বিভিন্ন টেলিকম প্রযুক্তির প্যাটেন্টের দখল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ভবিষ্যতেও তারা আরও প্যাটেন্ট সংগ্রহ করবে বলে ধারণা করা হচ্ছে।প্যাটেন্ট নিয়ে কাজ করছে, এমন একটি প্রতিষ্ঠান ইনফ্লেক্সন পয়েন্ট স্ট্র্যাটেজি। এ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রন ল্যাওরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্যাটেন্ট নিয়ে এ লড়াই চলতেই থাকবে। এ মুহূর্তে প্যাটেন্ট-সংক্রান্ত বিষয়ে পৃথিবীর টেলিকম প্রযুক্তির বড় বড় খেলোয়াড়দের মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই। এ ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্যাটেন্ট নিয়ে এই লড়াই চলবেই।’জানা গেছে আগামী মাসের প্রথম দিকে আরও একটি জমজমাট প্যাটেন্ট লড়াই উপভোগ করবে টেলিকম বিশ্ব। ওয়্যারলেস প্রযুক্তির বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইন্টার ডিজিটাল ইনকরপোরেশন কে কিনবে, তা নিয়ে লড়াই হবে অ্যাপল ও মাইক্রোসফটের মধ্যে। তবে এ লড়াইয়ে গুগল অংশ নেবে কি না, সেটা এখনো জানা যায়নি। তবে ধনী প্রতিষ্ঠান গুগল এই লড়াইয়ে অংশ নিলে ক্ষমতার দাপট প্রদর্শনে তারা পিছিয়ে থাকবে না—এটা অনুমিতই।এখন প্রশ্ন উঠেছে, সবাই ইদানীং টেলিকম প্রযুক্তির প্যাটেন্ট নিয়ে এত খেপে উঠেছে কেন? ব্যক্তিগত কম্পিউটার পরবর্তী যুগে বিশ্ব ধীরে ধীরে প্রবেশ করা শুরু করেছে। এই যুগে টেবিলের ওপর রাখা পিসি কিংবা কোলে বসানো ল্যাপটপের জায়গা নিচ্ছে পকেটে রাখা স্মার্টফোন। এমন একটি সময়ে অ্যাপল চাচ্ছে তাদের আইফোনের প্রযুক্তিগত নিরাপত্তা। মাইক্রোসফট সুযোগ খুঁজছে কীভাবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি স্মার্টফোনগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করা যায়। অ্যান্ড্রয়েড গুগলের উদ্ভাবন হলেও মাইক্রোসফট মনে করে মোবাইল হ্যান্ডসেট সহযোগী হিসেবে গুগলের অ্যান্ড্রয়েডে তাদেরও রয়েছে সমান ‘বখরা’। এদিকে অ্যাপল ও মাইক্রোসফটের মাঝখানে পড়ে গুগল সুযোগ খুঁজছে বাকি দুজনকে নিয়ে খেলতে। তিনটি বড় বড় খেলোয়াড় যখন স্বার্থের দ্বন্দ্বে ব্যস্ত টেলিকম প্রযুক্তির বাজার সে কারণেই প্যাটেন্ট নিয়ে উত্তপ্ত। প্যাটেন্টের দামও বেড়ে গেছে হুহু করে।এই উত্তাপ টেলিকম প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোকে নবতর উদ্ভাবনে উৎসাহিত করবে, এটা বলাই বাহুল্য।