প্যানাসনিক আনল বিশ্বের বৃহত্তম ওএলইডি টিভি
বিশ্বের বৃহত্তম অর্গানিক লাইট এমিটিং-ডায়োড বা ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্যানাসনিক। জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিকের নতুন এ টেলিভিশনের মাপ ৫৬ ইঞ্চি আর পুরুত্ব আধ ইঞ্চি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।৮ জানুয়ারি থেকে লাসভেগাসে শুরু হওয়া সিইএস মেলা উপলক্ষে এ টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্যানাসনিক। অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি প্রযুক্তিকে প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, পরবর্তী প্রজন্মের টেলিভিশন। এ প্রযুক্তিটি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডির তুলনায় অধিক শক্তি সাশ্রয়ী।গত বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় ৫৫ ইঞ্চি মাপের পরিবেশবান্ধব সুপার ‘ওএলইডি’ প্রযুক্তির হাই ডেফিনেশন টেলিভিশন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল এলজি ও স্যামসাং। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পাতলা এই টেলিভিশন সাধারণ এলইডি টেলিভিশনের তুলনায় গুণাগুণের বিবেচনায় অনেক উন্নত।প্যানাসনিকের প্রেসিডেন্ট কাজুহিরো সুগা জানিয়েছেন, প্যানাসনিক কেবল টেলিভিশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নয়। নতুন নতুন প্রযুক্তিপণ্য উদ্ভাবন করে এ প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তিপণ্য উদ্ভাবন করে ক্রেতাদের দারুণ অভিজ্ঞতা দিতে কাজ করবে প্যানাসনিক।ওএলইডি প্রযুক্তির টেলিভিশনের দাম এখনো নির্ধারণ করেনি টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ টেলিভিশনের দাম ১২ হাজার ডলার থেকে ২০ হাজার ডলারের মধ্যে হতে পারে।সিইএস মেলায় ওএলইডি প্রযুক্তির টেলিভিশন ছাড়াও ২০ ইঞ্চি মাপের ৪কে প্রযুক্তির ডিসপ্লেযুক্ত ট্যাবলেট প্রদর্শন করছে প্যানাসনিক। আলট্রা হাই ডেফিনেশন মূলত ৪ কে প্রযুক্তি হিসেবে পরিচিত যা চার হাজার পিক্সল ফরম্যাট সমর্থন করে।