ই-এশিয়া ২০১১ উপলক্ষে প্রবর্তিত ‘ই-এশিয়া পুরস্কার ২০১১’-এ প্রকল্প বা উদ্যোগ জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল৩১ অক্টোবরের মধ্যে প্রকল্প বা উদ্যোগের নাম মনোনয়ন দিতে হবে। ঢাকায় ই-এশিয়া ২০১১ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। পুরস্কারের জন্য আইসিটি প্রকল্প বা উদ্যোগগুলোকে ই-এশিয়া ২০১১-এর প্রতিপাদ্য বিষয়গুলোর সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। পাঁচটি বিষয়ে ই-এশিয়া পুরস্কারে অংশ নেওয়া যাবে। বিষয়গুলো হলো—১. সক্ষমতার উন্নয়ন (বিল্ডিং ক্যাপাসিটি) ২. জনমুখী যোগাযোগ (কানেকটিং পিপল), ৩. নাগরিক সেবা (সারভিং সিটিজেনস) এবং ৪. অর্থনৈতিক চালিকাশক্তি (ড্রাইভিং ইকোনমি)। প্রতিযোগিতায় মনোনয়নপ্রাপ্ত উদ্যোগ বা প্রকল্পগুলো আন্তর্জাতিক বিচারকমণ্ডলী বিচার করবেন এবং নির্বাচিত প্রকল্পকে ওয়ার্ল্ড এডুকেশন জুরি চয়েস পুরস্কারে ভূষিত করা হবে। ই-এশিয়া পুরস্কারের জন্য প্রকল্প মনোনয়নের জন্য অনলাইনে ফরম পূরণ করে জমা দিতে হবে। যেকোনো সংস্থা বা প্রকল্প এ প্রতিযোগিতায় নিজে নিজের প্রকল্প মনোনয়ন দিতে পারবে। পাশাপাশিতৃতীয় পক্ষও মনোনয়ন পাঠাতে পারবে।এ জন্য www.e-asia.org ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। প্রতিটি মনোনয়নপত্র অনলাইনে ইংরেজিতে নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিতে হবে। প্রকল্পগুলোকে সম্পন্ন বা কার্যকর পর্যায়ে থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রকল্প বা সংস্থার সঙ্গে ই-এশিয়া ২০১১ আয়োজক সংস্থা সরাসরি যোগাযোগ করবে।প্রসঙ্গত, এশিয়ার বিভিন্ন দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত, প্রযুক্তিগত সেবা ও কর্মকাণ্ড তুলে ধরার অন্যতম বড় আয়োজন ই-এশিয়া ২০১১ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে।