প্রকৃতির ছবি নিয়ে উইকির প্রতিযোগিতা

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত প্রাকৃতিক ঐতিহ্য-বিষয়ক ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ (ডব্লিউএলএ)’-এর ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সেরা ছবির পুরস্কার পেয়েছেন পাকিস্তানের জাঈম সিদ্দিকি। তাঁর তোলা ছবিতে পাকিস্তানের কেন্দ্রীয় কারাকরাম ন্যাশনাল পার্কের লোয়ার কাচুরা হ্রদের। দ্বিতীয় সেরা হয়েছে জেনভাসভেসের তোলা পর্তুগালের লরিসিলভা বনাঞ্চলের ছবি। আর তৃতীয় স্থানে আছে বিরান্ড থালেরের তোলা অস্ট্রিয়ার ন্যাশনাল পার্কের একটি ছবি।
সব মিলিয়ে ১৫টি সেরা ছবি নির্বাচন করা হয় এবং একটিকে বিশেষভাবে নির্বাচিত করা হয়। বিজয়ী এবং অংশগ্রহণকারী সেরা ছবিগুলো পাওয়া যাবে http://bit.ly/1KjdNVO ঠিকানার ওয়েবসাইটে। চলতি বছর ২৬টি দেশের নয় হাজার প্রতিযোগী এতে অংশ নেন। জমা পড়েছিল এক লাখেরও বেশি ছবি।
ডব্লিউএলএ অবলম্বনে