প্রকৌশলী হতে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপাল ও ভারতীয় এইসব শিক্ষার্থীরা প্রকৌশলবিদ্যা পড়তে এসেছেন বুয়েটে
নেপাল ও ভারতীয় এইসব শিক্ষার্থীরা প্রকৌশলবিদ্যা পড়তে এসেছেন বুয়েটে

বিপিনের সঙ্গে দেখা হতে তাঁকে বোঝানোর জন্য ইংরেজিতে জিজ্ঞাসা করি, ‘হাউ আর ইউ?’ আমাকে অবাক করে দিয়ে আধো বাংলায় তিনি উল্টো জবাব দেন, ‘ভালো৷ তুমি কেমন আছ?’ বাংলাদেশে আসার মাত্র তিন মাসের মাথায় কীভাবে এত দ্রুত বাংলা ভাষা রপ্ত করলেন, সে বিস্ময় কাটাতে তাঁর অকপট স্বীকারোক্তি ছিল, ‘তোমাদের ভাষাটা বোঝা ও বলতে পারা অনেক সহজ। তাই খুব একটা সমস্যা হয়নি।’ বলছিলাম নেপাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) পড়তে আসা কম্পিউটার কৌশল বিভাগের বিপিন গুপ্তের কথা।
বিপিনের মতো ২২ জন নেপালি ও ভারতীয় কাশ্মীর থেকে আসা চারজন শিক্ষার্থীর চোখে প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন৷
ঠিক বুয়েট কেন—এই প্রশ্নের জবাবে দ্বিতীয় বর্ষের যন্ত্রকৌশলের শিক্ষার্থী সাবির সুবেদি মূলত নেপালে প্রকৌশলবিদ্যায় পড়ার যথাযথ সুযোগ-সুবিধা না থাকার কথা উল্লেখ করে বলেন, ‘দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হওয়ায় এবং সম্পূর্ণ ফ্রি বৃত্তিমূলক পড়াশোনার ব্যবস্থা থাকায় বুয়েটে পড়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল।’ একই সঙ্গে আগে এই বিদ্যাপীঠে আসা নেপালিদের পরামর্শ ও কাঠমান্ডু–ঢাকার সহজ যাতায়াতব্যবস্থা তাঁদের এ দেশে আসতে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল বলে জানান তড়িৎকৌশলের আরেক শিক্ষার্থী রমেশ বসনেত।
বুয়েটে পড়তে এসে বাংলাদেশের অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন তৃতীয় বর্ষের পুরকৌশল বিভাগের অসীম গনি। ইন্টারনেটে বুয়েট ক্যাম্পাস ও বাংলাদেশের ছবি দেখেই ভালো লেগে যায় কাশ্মীর থেকে আসা এই তরুণের। অতঃপর এ দেশে এসে বাংলাদেশিদের আতিথেয়তা ও বন্ধুবান্ধবের সহযোগিতায় দিব্যি তিন বসন্ত পার করে দিয়েছেন। সেশন জ্যাম ও ঢাকার যানজট ছাড়া বাংলাদেশের আর সবকিছুই যে তাঁর প্রাপ্তির খাতা ভরিয়ে তুলেছে, সে কথাও বলতে ভুললেন না।
বুয়েটের ড. এম এ রশীদ হলে এসব অতিথি মেধাবীর এক আড্ডায় মনের দুয়ার এভাবেই খুলে দিয়েছিলেন তাঁরা। শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও ভিনদেশি এই উদ্যমী তরুণদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ। সদ্য সমাপ্ত সিভিল ফেস্টিভালে সুমান জিম্বালামার অসাধারণ নাচ, অসীমের এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া এবং ইলেকট্রিক্যাল নাইটে কাশ্মীরি দুই তরুণী হাদিকা ওয়ানি ও মারিয়া আন্দালিভের বিভিন্ন অনুষ্ঠানে সাবলীল অংশগ্রহণ বুয়েটের সঙ্গে তাঁদের ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ায় নির্দেশ করে। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি বুয়েটে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নেপালি এই শিক্ষার্থীদের সংগীত পরিবেশন উপস্থিত সবাইকে বিমোহিত করে।
প্রথম দিকে ভাষা নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হলেও অচিরেই এ দেশের মানুষদের বন্ধুত্বপূর্ণ সহায়তায় তা মানিয়ে নেন এই তরুণেরা৷ বাংলাদেশের মানুষদের আতিথেয়তা, শিক্ষাক্ষেত্রে এ দেশের শিক্ষার্থী ও তাঁদের মা-বাবার সচেতনতা দেখে যারপরনাই অবাক সবার মতো আরেক মেধাবী মুকেশ জেসওয়াল। বিভিন্ন জাতীয় দিবসে এ দেশের মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তাঁদের বিস্ময়ের শেষ নেই। সঙ্গে এক বাক্যেই স্বীকার করে নিলেন এই দেশ, দেশের ভাষা ও এ দেশের মানুষকে খুব সহজেই ভালোবেসে ফেলার কথা। তাই তো নিজ দেশ, নিজ সংস্কৃতি ছেড়েও সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশে এসে ভিন্ন একটি সংস্কৃতির অংশ হয়ে যেতে তাঁদের কোনো সমস্যা হয়নি বলে মন্তব্য এই উদীয়মান প্রকৌশলীদের। নিজ দেশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশকেও ভালো কিছু উপহার দেওয়ার স্বপ্ন দেখেন এই অতিথি শিক্ষার্থীরা৷