
‘একসঙ্গে এত প্রজাপতি এর আগে আমি কোনো দিন দেখিনি, এখানে এত প্রজাতির আর বিচিত্র ধরনের প্রজাপতি দেখে আমি মুগ্ধ।’ প্রজাপতি মেলা সম্পর্কে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালিমা সাবা।
১৩ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা-২০১৩। সকালের উদ্বোধনী অনুষ্ঠানে বাটারফ্লাইস অব বাংলাদেশ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রজাপতি-বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বেলা ১১টায় শুরু হয় প্রজাপতি-বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রজাপতির হাট দর্শন। মেলার প্রাণবন্ত দর্শকদের মধ্যে যেমন ছিলেন ক্যাম্পাসের বাইরের দর্শনার্থী, তেমনি প্রাঞ্জল উপস্থিতি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মেলা উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছিল অসংখ্য রঙিন প্রজাপতিতে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিশারী জাহান বলেন, ‘মেলার দিনে ক্যাম্পাসের ভিন্নধর্মী এই সাজটা খুব ভালো লাগে। আপনি হয়তো রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখবেন গাছের ডালে এত্ত বিশাল একটা প্রজাপতি। চমকে উঠে ধরতে গেলে কিন্তু প্রজাপতিটা উড়ে যাবে না। কারণ, এটা বানানো।’
মৌচাক থেকে সপরিবারে মেলায় ঘুরতে আসা বদরুল হাসান জানান, ‘জীবন্ত আর মমি করা দুই ধরনের প্রজাপতিই খুব ভালো লেগেছে। তবে জীবন্ত প্রজাপতিগুলো বেশি আকর্ষণীয়।’
বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রজাপতি আকৃতির রংবেরঙের ঘুড়ি ওড়ানো হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রজাপতি-বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা ও প্রজাপতি-বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
বন্ধুদের সঙ্গে মেলায় এসেছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ‘পত্রিকায় মেলার খবর দেখে চলে এলাম। আসার আগে একবারও ভাবিনি এতটা ভালো লাগবে। প্রজাপতি হাটে একটা বাগানের ভেতর আমি হাঁটছিলাম আর চারপাশে অসংখ্য প্রজাপতি ওড়াউড়ি করছিল। এ এক অসাধারণ অভিজ্ঞতা!’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হামিদা আক্তার বলেন, ‘প্রজাপতি চেনার প্রতিযোগিতাটা খুব মজার ছিল আর প্রামাণ্যচিত্র দেখে জানলাম, প্রজাপতি পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটা ভূমিকা রাখে।’
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা বলেন, ‘এই মেলাটা প্রজাপতি সংরক্ষণে আমাদের দায়িত্ববান করে তোলে। অনেক সময় না বুঝেই আমরা অনেক প্রজাপতির লার্ভা নষ্ট করে ফেলি। প্রামাণ্যচিত্র দেখলে কেউ মনে হয় আর সেটা করতে পারবে না।’
বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
এমন ভিন্নধর্মী একটি মেলা প্রতিবছর সফলভাবে পালিত হওয়ার পেছনে যে মানুষটির নিরলস সাধনা জড়িয়ে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। তিনি বলেন, ‘প্রজাপতি নিয়ে অসীম কৌতূহলের কারণেই প্রজাপতি-বিষয়ক গবেষণা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, প্রজাপতি মেলার মাধ্যমে সবাইকে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে পারব।’