প্রতি মাসে অনলাইন থেকে নকিয়ার ২০ লাখ প্রোগ্রাম নামানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মাসে নকিয়ার অনলাইন দোকান থেকে প্রায় ২০ লাখ প্রোগ্রাম নামানো (ডাউনলোড) হচ্ছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে নকিয়ার প্রোগ্রাম নামানোর দিক থেকে নকিয়া বাংলাদেশ ২৯তম স্থানে রয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তির আয়োজন ই-এশিয়ার দ্বিতীয় দিন ২ ডিসেম্বর নকিয়া আয়োজিত মোবাইল ফোনের উপযোগী প্রোগ্রাম ও কনটেন্ট তৈরির এক কর্মশালায় বক্তারা এ তথ্য দেন। খবর বিজ্ঞপ্তির।এই কর্মশালায় নকিয়া স্থানীয় মোবাইল প্রোগ্রাম নির্মাতাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়। কর্মশালার প্রধান বক্তা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এ রকম কর্মশালা অবশ্যই আমাদের এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট হিসেবে নকিয়ার এই কর্মশালার মাধ্যমে বের হয়ে আসবে নবীন অনেক প্রোগ্রামার, কারিগরি বিশেষজ্ঞ, যারা বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।’ নকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, ‘নকিয়ার লক্ষ্য হলো “কানেকটিং দ্য নেক্সট বিলিয়ন” মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে গ্রাহকদের যুক্ত করারই আমাদের উদ্দেশ্য।’কর্মশালায় জানানো হয়, নকিয়া মোবাইল ফোনে প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে এবং জনগণকে ইন্টারনেটের বিস্ময়কর জগতের সঙ্গে সম্পৃক্ত করে তাদের ক্ষমতায়ন ঘটাচ্ছে। নকিয়া অনলাইন স্টোরে থাকা হাজার হাজার প্রোগ্রাম থেকে গ্রাহকদের বিনা মূল্যে যত খুশি তত ডাউনলোড করার সুযোগ দিচ্ছে। ২০১২ সাল নাগাদ বিশ্বব্যাপী মোবাইল প্রোগ্রামের বাজারে মোট লেনদেনের মূল্যমান হবে ১৭ হাজার ৫০০ কোটি ডলার। বাংলাদেশের প্রোগ্রামারদের সামনেও মোবাইল প্রোগ্রাম বানিয়ে তা আন্তর্জাতিক বাজারে বিপণনের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন নকিয়া থাইল্যান্ড ও এমার্জিং এশিয়ার প্রতিনিধি জেনজার্ড সেক জিরাপাত।