কম্পিউটার নির্মাতা হিউলেট-প্যাকার্ড (এইচপি) প্রতি সেকেন্ডে চারটি করে যন্ত্র সরবরাহ (শিপমেন্ট) করে। সে যন্ত্র কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো প্রযুক্তিপণ্য। গত বছর ১২ কোটি যন্ত্র ক্রেতার কাছে পৌঁছে দিয়েছে বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানটি। এইচপির আয়োজনে গতকাল বুধবার চীনের সাংহাই শহরের সাংহাই এক্সপো সেন্টারে শুরু হওয়া দুদিনের গ্লোবাল ইনফ্লুয়েন্সার সামিট ২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দিয়েছেন এইচপির প্রিন্টিং ও পারসোনাল সিস্টেমস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও চিফ অব স্টাফ স্টিভ হফম্যান। তিনি বললেন, এইচপির প্রিন্টিং এবং পারসোনাল কম্পিউটার (পিসি) বিভাগ এক হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। বড় ধরনের অফিস বা প্রযুক্তিগত ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীর কথা চিন্তা করে এইচপি ক্রমাগত প্রযুক্তির উন্নয়ন করে যাচ্ছে।চীনের ঐতিহ্যবাহী ড্রাগন নাচ দিয়ে শুরু হয় এইচপির এই বর্ণাঢ্য আয়োজন। এইচপির কর্মকর্তারা ছাড়াও সারা বিশ্ব থেকে সংবাদকর্মীরা এই আয়োজনে অংশ নিচ্ছেন। এই আয়োজনে এইচপির নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানান দুই কর্মকর্তা জন সলোমন এবং জেম মউটান। তাঁরা নতুন ল্যাপটপ কম্পিউটার (নোটবুক, আল্ট্রাবুক ও স্লিকবুক), প্রিন্টার, অল-ইন-ওয়ান, পিসি, ওয়ার্কস্টেশন ইত্যাদি সম্পর্কে বলেন। পাশাপাশি দেখানো হয়, কীভাবে এইচপি দিয়ে একদিকে জটিল কাজ করা যায়, আবার অপরদিকে সৃজনশীল কাজও করা যায়। সহজে প্রযুক্তি ব্যবহারের যন্ত্রের দিকেও এইচপির যে নজর আছে, তা তুলে ধরা হয়। প্রযুক্তির এসব উন্নয়নে এইচপির অংশীদার হিসেবে আছে ইন্টেল করপোরেশন, মাইক্রোসফট করপোরেশন, এএমডি ও এনভিডিয়া। ওয়েস্ট কোস্টস কাস্টমস নামে একটি প্রতিষ্ঠান চালান রায়ান ফ্রেনলিংহগস। এই প্রতিষ্ঠানের কাজ হলো, গাড়িকে তার মালিকের পছন্দমতো নান্দনিকভাবে সাজিয়ে দেওয়া। এতে ওই গাড়ি হয়ে উঠবে একবারেই স্বতন্ত্র। তিনি জানালেন কীভাবে এইচপির ওয়ার্কস্টেশন, ডিজাইনডেস্ক প্রিন্টার দিয়ে গাড়ির নতুন রূপ দেন। গাড়ির জন্য নকশা তৈরি থেকে শুরু করে স্টিকারসহ সবকিছু ছাপার কাজে ব্যবহার করেন এইচপির প্রযুক্তি। গতকালই জিওন প্রসেসর চালিত এইচপি ওয়ার্কস্টেশন জি-১-এর ঘোষণা দেওয়া হয়।‘মানুষ প্রসেসর কেনে না, কেনে কম্পিউটার’ বললেন ইন্টেল করপোরেশনের অ্যারেন আরভাজু। তাই তো ইন্টেলের ব্র্র্র্র্যান্ড আল্ট্রাবুক কম্পিউটার তৈরি করছে এইচপি। জানা গেল, এই আল্ট্রাবুকের ওজন ৩.৩ পাউন্ড। এতে আছে কোরআই প্রসেসর। এর পর্দা ১৪.১ ইঞ্চি, পুরুত্ব ১৯ মিলিমিটার। প্রজেক্টর থেকে শুরু করে স্মার্টকার্ড, ইউএসবি মডেম ইত্যাদি বাড়তি যন্ত্রাংশ ছাড়াই এতে লাগানো যাবে। নতুন স্পেকট্রা এক্সটি মডেলের আল্ট্রাবুক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার অ্যানি আইওং-চিকে দেওয়া হয়।অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ আবহ তৈরির প্রতিষ্ঠান ব্যান্ডিনেট ব্রাদার্সের পরিচালক ও প্রধান কারিগরি কর্মকর্তা জ্যাকব রোজনবার্গ জানান, চীনের পটভূমিতে ওয়েটিং ফর লাইটিং চলচ্চিত্র তৈরি করছেন। এতে দারুণ সব বিশেষ আবহ তৈরি করা হয়েছে হট হুইলসের খেলনাগুলোর মতো করে। এসব করা হয়েছে এইচপির বহনযোগ্য ওয়ার্কস্টেশন পিসি দিয়ে। আলোচনার পর এইচপির প্রযুক্তির প্রদর্শনীও হয়। দুই দিনের এ আয়োজন শেষ হবে আজ। —পল্লব মোহাইমেন, সাংহাই (চীন) থেকে