প্রতিপক্ষদের ঘায়েল করতে টুইটারে শাভেজ
খুদে ব্লগ লেখার সাইট টুইটারে যোগ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। নিজের নামে টুইটারে অ্যাকাউন্ট খুলে গত মঙ্গলবার থেকে সেখানে তিনি বার্তা লিখছেন। একই সঙ্গে তাঁর বার্তা পড়ার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শাভেজের ঘনিষ্ঠ সহযোগী গণপূর্তমন্ত্রী দিওসদাদো চাবিল্লো জানিয়েছেন, প্রেসিডেন্টের নামে টুইটারে অ্যাকাউন্ট খোলা হয়েছে। শাভেজের অ্যাকাউন্টের নাম chavezcandanga। এর জন্য একটি দল কাজ করছে বলে জানান শাভেজ।মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের পর টুইটারে প্রথম বার্তা লেখেন শাভেজ। এরপর ১৮ হাজারের বেশি মানুষ তাঁর সঙ্গে যোগ দিয়েছে।দেশে অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির কারণে সম্প্রতি শাভেজের জনপ্রিয়তা কমছে। ওয়েব ব্যবহারে নিজের সমর্থকদের চেয়ে বিরোধীরা এগিয়ে থাকায় তিনি প্রতিনিয়ত ঘায়েল হচ্ছেন। চাবিল্লো গত সোমবার জানান, টুইটার এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইটে নিজেদের সক্রিয়তা বাড়িয়ে বিরোধীদের জবাব দিতে চায় শাভেজের সমর্থকেরা। চাবিল্লো বলেন, ‘বিরোধীরা মনে করে সামাজিক যোগাযোগের সাইটগুলো তাদের দখলে, টুইটার ও ফেসবুক তাদের নিজেদের সাইট। আমরা এর জবাব দিতে চাই। আমাদেরও ৭০ লাখ সমর্থক আছে যারা টুইটার ব্যবহার করে। —এএফপি অবলম্বনে ফারুক হোসেন