প্রতিবন্ধীদের জন্য তথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার জন্য তথ্যপ্রযুক্তি: বাদ যাবে না কেউ, প্রতিবন্ধীরাও এর অংশ’—এই স্লোগান সামনে রেখে গত শনিবার ‘দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম, বাংলাদেশ’-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‘তথ্যপ্রযুক্তি এবং প্রতিবন্ধী মানুষের ব্যবহার উপযোগিতা’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) কর্মসূচি ব্যবস্থাপক প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কোনো প্রতিবন্ধী মানুষের জন্য বাধা তৈরি করবে না, বরং সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।’ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভিজ্যুয়াল ইম্পিয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি মোশারফ হোসেন মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান। মোশারফ হোসেন মজুমদার বলেন, ‘সরকার ডিজিটালাইজেশনের জন্য যেসব তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে, তা যেন দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্যবহার করতে পারেন।’ সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান। অ্যাকশন এইডের উপব্যবস্থাপক সায়মা চৌধুরী দৃষ্টিপ্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তির বিভিন্ন শাখায় কাজ করার সম্ভাবনা উল্লেখ করে বলেন, ‘ভারতে প্রায় এক হাজার দৃষ্টিপ্রতিবন্ধী আছেন, যাঁরা সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। তাই সুযোগ পেলে আমাদের দেশের দৃষ্টিপ্রতিবন্ধীরাও তথ্যপ্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।’ সেমিনারটির আয়োজন করে ইপসা ও অ্যাকশন এইড বাংলাদেশ। —রাকিব মোজাহিদ