প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তির সুবিধা দেওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধী মানুষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করা জরুরি। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও সাইটসেভার্সের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে কোয়াব যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা আর টিকে থাকার লড়াইয়ের প্রচেষ্টায় সবাইকে সামাজিক ও মানবিকভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলমসহ কোয়াব প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধীরা। কোয়াব সভাপতি নাজমুল করিম ভূঁইয়া বলেন, সাইবার ক্যাফেতে প্রতিবন্ধীরা অর্ধেক মূল্যেইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং দক্ষ প্রতিবন্ধীরা কর্মসংস্থানের ব্যাপারে সহযোগিতা করা হবে।এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা, যাতে তাঁরা মূল স্রোতধারায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধিকার পান এবং তথ্য প্রাপ্তির অধিকার উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হবে। —নুরুন্নবী চৌধুরী