প্রতিবন্ধীবান্ধব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সেমিনার
‘বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এদের কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া সহজ হবে। অবহেলা না করে প্রযুক্তির সহায়তায় সব ধরনের কার্যক্রমে প্রতিবন্ধীদের যুক্ত করলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।’ গতকাল শনিবার জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা আয়োজিত এবং ডিজেবল রাইটস ফান্ডের সহযোগিতায় ‘প্রতিবন্ধীবান্ধব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি বিসিসির কার্যনির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, সাধারণ মানুষকে সহজে সেবা দিতে সরকারের নানা কার্যক্রম চলছে। এর পাশাপাশি প্রতিবন্ধীদের নানা ধরনের সময় উপযোগী প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রতিবন্ধীদের নানা ধরনের সহযোগিতার কার্যক্রম এগিয়ে চলছে। সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আছাদুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মজিবুর রহমান, এডিডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের গবেষণা সমন্বয়ক ফাইয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. আক্তার হোসেনসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) প্রকল্প কর্মকর্তা ভাস্কর ভট্টাচার্য।বক্তারা বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির নানা ধরনের কার্যক্রমের ব্যাপ্তি বাড়ছে। প্রযুক্তির সহায়তায় প্রতিবন্ধীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশের পথে যে ধরনের কার্যক্রম থাকবে তার সবগুলোতেই প্রতিবন্ধীদের সার্বজনীন অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে। সবার মতো প্রতিবন্ধীদেরও সব ধরনের সুযোগ নিশ্চিতের মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। —নুরুন্নবী চৌধুরী