প্রতিবন্ধীরা পাবেন বিশেষায়িত তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ

আগামী তিন বছরে তিন হাজার প্রতিবন্ধী বিশেষায়িত তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পাবেন। এ খাতে তাঁদের সঙ্গে চাকরিদাতাদের সমন্বয় ঘটিয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে আয়োজিত হচ্ছে চাকরি মেলা। এ বিষয়ে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ একটি প্রকল্প বাস্তবায়ন করছে। গতকাল ১ জানুয়ারি এ রকম একটি চাকরি মেলার আয়োজনে ১৭৬ জন চাকরির জন্য ডাক পেয়েছেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) ব্যক্তিদের জন্য আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, অনেকে প্রতিবন্ধকতাকে বাধা মনে করেন। কিন্তু এটা কোনো বাধা নয়। বিশেষায়িত প্রশিক্ষণ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে তারা বদলে দিতে পারে পৃথিবী। ডিজিটাল ডিভাইড যেন গ্রাম-শহর, নবীন-প্রবীণ এমনকি যারা বিভিন্ন প্রকার প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছে, তাদের মধ্য যেন কোনো প্রকার বৈষম্য তৈরি না করে, সে জন্য আইসিটি ডিভিশন কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিশেষভাবে সক্ষমদের তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে দিতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের মাধ্যমে সাধারণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করেছি। এ প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে তিন হাজার প্রতিবন্ধীকে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হবে। নিয়মিতভাবে ইংরেজি নববর্ষের প্রথম দিনটি তাদের জন্য চাকরি মেলার আয়োজন করছি।
উল্লেখ্য, ২০১১ সাল হতে বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এ বিসিসির ঢাকা প্রধান কার্যালয়সহ রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর জেলার মোট সাতটি কেন্দ্রে প্রশিক্ষণ পরিচালনা করছে। ২০১৬ সালের দ্বিতীয় চাকরি মেলায় ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান হয়।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য ‘কথা বলতে চাই’ নামে একটি যোগাযোগ অ্যাপের উদ্বোধন করা হয়।