প্রতিযোগিতার মুখোমুখিআইপ্যাড
দেখতে অ্যাপলের আইপ্যাডের মতো। কিন্তু শক্তিশালী ট্যাবলেট কম্পিউটারটি আইপ্যাডের চেয়েও অনেক সস্তা এবং পাতলা। তাইওয়ানের রাজধানী তাইপেতে এশিয়ার সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা কম্পিউটেক্সে এমন ট্যাবলেট কম্পিউটারের প্রদর্শনী চলছে। তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান কমপাল ইলেকট্রনিকস এটি তৈরি করেছে। অ্যাপল, ডেল ও তোশিবার পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করাই কমপাল ইলেকট্রনিকসের উদ্দেশ্য। কমপালের জ্যেষ্ঠ প্রকৌশলী ইয়েতা হুয়াং জানান, ‘আমাদের আসল লক্ষ্য হচ্ছে আইপ্যাডকে চ্যালেঞ্জ করা। জনপ্রিয় এ যন্ত্রকে বিক্রিতে ছাড়িয়ে যাওয়া। আমরা বিশ্বাস করি, আমাদের ট্যাবলেট ও ল্যাপটপের বাজারে আধিপত্য বিস্তারের সুযোগ আছে। চলতি বছর আমরা এ কম্পিউটার পাঁচ কোটির বেশি বিক্রি করতে পারব বলে আশা করছি। এ জন্য এর দাম আইপ্যাডের চেয়ে কম রাখা হয়েছে।’এবারের মেলায় আসুস, এমএসআই ও তোশিবা অনেক নতুন পণ্য এনেছে। ৩১ মে মেলা শুরু হয়। চলবে ৪ জুন পর্যন্ত। গত বছরের এপ্রিলে অ্যাপল তার পণ্য বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করার পর বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যাবলেট কম্পিউটার, গান শোনার যন্ত্রসহ নানা পণ্য তৈরিতে নেমে পড়ে। এগুলোরই একটি হচ্ছে কমপাল ইলেকট্রনিকস। অনেক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ধারণা, বিশ্বে একসময় ডেস্কটপ কম্পিউটারের অস্তিত্ব থাকবে না। সবাই ট্যাবলেট পিসি বা নোটবুক ব্যবহার করবে। তাই সবাই নোটবুক উৎপাদনের দিকে জোর দিয়েছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান