প্রতিযোগীদের বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হচ্ছে ইন্টারনেট উৎ সব। আর এই উৎ সবে কুইজার্স বাংলাদেশের সম্পৃক্ততার জায়গাটি হলো আই-জিনিয়াস নির্বাচনের একটি কার্যকর প্রক্রিয়া খুঁজে বের করা। এ প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশের সাধারণ জ্ঞানচর্চায় উদ্যমী একদল তরুণের সংগঠন এই কুইজার্স বাংলাদেশ, যার উদ্দেশ্য হলো বাংলাদেশে কুইজিং বা সাধারণ জ্ঞানের চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া। আই-জিনিয়াস নির্বাচনের জন্য কুইজিংকে বেছে নেওয়া হলেও আমি বলব, এটি অন্য যেকোনো কুইজ প্রতিযোগিতা থেকে আলাদা। প্রথাগতভাবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় স্মরণশক্তিকে যেখানে প্রাধান্য দেওয়া হয়, আই-জিনিয়াস নির্বাচনের ক্ষেত্রে ইন্টারনেটের মতো সাধারণ জ্ঞান ও তথ্যের বিপুল সম্ভার ব্যবহারের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। এর তুলনা করা যেতে পারে ওপেন বুক এক্সামের সঙ্গে। তোমার হাতে আছে একটি মুঠোফোন, যাতে সহজেই ইন্টারনেট ব্রাউজ করা যায়, প্রশ্নটি শুনে সার্চ ইঞ্জিনে বিশেষ শব্দগুলো লিখে খুঁজে নাও কাঙ্ক্ষিত উত্তর। তবে যত সহজে বলা হয়ে গেল, বিষয়টি অত সহজ নয়। ওপেন বুক এক্সামে যেমন বইয়ের কোথায় কাঙ্ক্ষিত সেই উত্তর লুকিয়ে আছে জানা না থাকলে খড়ের গাদায় সুঁই খোঁজার দশা হয়, তেমনি কিছু বিশেষ শব্দ লিখে ইন্টারনেট থেকে কাম্য উত্তরটি পাওয়া যাবে তা জানা না থাকলেও বিপত্তি। আর প্রতিযোগিতার ক্ষেত্রে সবার হাতে যখন উপকরণ থাকে একই, তখন এই দক্ষতা আর প্রত্যুৎ পন্নমতিত্বই বড় হয়ে ওঠে।আই-জিনিয়াসের মূল উদ্দেশ্যই হলো তৃণমূল পর্যায়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ইন্টারনেটের অপার সম্ভাবনার জগতের সঙ্গে পরিচিত করে তোলা। তাই এই ইন্টারনেট উৎ সবের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইন্টারনেটে ব্রাউজিংয়ের হাতে খড়ি দেওয়া। এ জন্য প্রতিযোগিতার আগে একটি সহজবোধ্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজনও থাকছে। এরপর মূল প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর ইন্টারনেট ঘেঁটে বের করে বলতে হবে। সাধারণ জ্ঞানের চর্চার অভিজ্ঞতা থেকে বলছি, আপাতদৃষ্টিতে জলবৎ তরলং মনে হলেও প্রশ্নকারী ও উত্তরদাতা উভয় পক্ষের জন্যই বিষয়টি একটু জটিল। প্রতিযোগীদের জন্য জটিলতা হলো—নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বের করা; আর আমাদের তরফ থেকে জটিলতা হলো—এমন প্রশ্ন খুঁজে বের করা যা গতানুগতিক সাধারণ জ্ঞানের প্রশ্নের মতো নয় এবং খুব সহজেই কিছু বিশেষ শব্দ লিখে ইন্টারনেট থেকে খুঁজে পাওয়া যায়। এ ক্ষেত্রে প্রতিযোগীদের জন্য বাংলার পাশাপাশি ইংরেজিতে অনুবাদকৃত প্রশ্নটিও তুলে ধরা হয়, যাতে প্রতিযোগীরা সহজেই সেই বিশেষ শব্দগুলো ধরতে পারে। যেমন, প্রশ্ন করা হলো, নরওয়ের রাজধানীর নাম কী? সে ক্ষেত্রে ‘capital of Norway’ হবে সেই বিশেষ শব্দমালা, যা লিখে সার্চ করতে হবে। প্রাথমিক পর্বের জন্য এমনভাবে প্রশ্ন নির্বাচন করা হচ্ছে যাতে সার্চ রেজাল্ট পেজের লিংকগুলোর মধ্যেই সঠিক উত্তরটি পাওয়া যায়। এতে করে নতুন কোনো ওয়েবপেজে যাওয়ার প্রয়োজন থাকছে না এবং প্রতিযোগীরা খুব সহজেই উত্তর খুঁজে পাবে। মাঝে মাঝে এমন কিছু ‘তাৎ ক্ষণিক প্রশ্ন’ও থাকছে, যেগুলোর উত্তর দেওয়ার জন্য ইন্টারনেটের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। এই প্রশ্নগুলো মূলত তথ্যপ্রযুক্তিবিষয়ক এবং এগুলোর উত্তর দেওয়ার জন্য তথ্যপ্রযুক্তিবিষয়ক কিছু সাধারণ জ্ঞান থাকা জরুরি। নজর রাখা যেতে পারে পত্রিকার তথ্যপ্রযুক্তিবিষয়ক পাতায়। যেমন কিছুদিন আগে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি যন্ত্রের নির্মাতা কোম্পানি অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন—খবরটি জানা থাকলে অ্যাপলের প্রতিষ্ঠাতা যে স্টিভ জবস তা সহজেই পারা যাবে। তাই, যারা আই-জিনিয়াস হতে চাও, তাদের উদ্দেশে পরামর্শ হলো: যে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করা যায় তেমন একটি সেট নিয়ে বিভিন্ন বিষয়ে ব্রাউজ করো। সেটা হতে পারে তোমার পড়াশোনার কোনো বিষয়, দৈনন্দিন কোনো ঘটনা বা সাধারণ জ্ঞানের কোনো বিষয়বস্তু। তরুণ প্রজন্মের মধ্যে ইন্টারনেট ব্যবহারের আগ্রহ বিনির্মাণে এবং জ্ঞান-বিজ্ঞানের কাজে এর ব্যবহারকে উদ্বুদ্ধ করার এই মহৎ আয়োজনে শামিল হতে পেরে কুইজার্স বাংলাদেশ গর্বিত। একঝাঁক আই-জিনিয়াস লাল-সবুজ পতাকাকে তথ্যপ্রযুক্তির এই শতাব্দীতে চিরউড্ডীন রাখবে, সেই সোনালি স্বপ্নের প্রত্যাশায় গ্রামীণফোন ও প্রথম আলোর সঙ্গে আমরাও একাত্মতা ঘোষণা করছি।সভাপতি, কুইজার্স বাংলাদেশ