প্রতিষ্ঠানের নামে ডোমেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে ডোমেইন নাম প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল করপোরেশন ফর অ্যাসাইনড নেম অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ডোমেইন নাম দেওয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে। ৩০ এপ্রিল এসব তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত মার্চ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের নামে ডোমেইন নিবন্ধনের জন্য আবেদন করে। এর ফলে পেপসি নিজেদের ওয়েবসাইটের ঠিকানা ডট অর্গ অথবা ডট কমের বদলে ডট পেপসি কিংবা ডট ট্রপিকানা ইত্যাদি হিসেবে ব্যবহার করতে পারবে। এ ডোমেইন ঠিকানার জন্য ৮৩৯ জন ব্যবহারকারী আবেদন করেছেন বলে জানা গেছে। প্রতিটি প্রতিষ্ঠান এ ডোমেইন নেমের আওতায় সর্বোচ্চ ৫০টি ওয়েব ঠিকানার জন্য আবেদন করতে পারবে। এরই মধ্যে ডট ক্যানন এবং ডট গুগল নামের জন্য প্রতিষ্ঠান দুটো এক লাখ ৮৫ হাজার ডলার ফি দিয়েছে। এ ঠিকানার জন্য বছরে ২৫ হাজার ডলার দিতে হবে। এ বিষয়ে গুগল জানিয়েছে, তারা গুগল ট্রেডমার্কের জন্য জেনেরিক টপ-লেভেল ডোমেইনে (জিটিএলডিএস) আবেদন করেছে এবং এর সঙ্গে অন্যগুলোও যুক্ত করা যায় কি না, সে বিষয়ে ভাবছে। ওয়েব ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও দারুণ করার ব্যাপারেও কাজ করছে বিশ্বখ্যাত এ সার্চ ইঞ্জিন। খুব শিগগির ইন্টারনেট ব্যবহারকারীরা বিখ্যাত ব্র্যান্ডগুলোর পেজ নিজস্ব ডোমেইনে দেখতে পাবে বলে জানা গেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, সংবাদভিত্তিক ওয়েবসাইট বিবিসি, পানীয় তৈরির প্রতিষ্ঠান কোকা-কোলা নিজেদের নামের ডোমেইন নিয়ে কী করবে, সে বিষয়ে কিছু জানায়নি। একই নামের ক্ষেত্রে একাধিক আবেদনকারী হলে ব্যবহারকারীদের জন্য নিলামের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে আইসিএএনএন। —বিবিসি ও আইসিএএনএন অবলম্বনে কাজী আশফাক আলম