প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যেসব প্রত্যাশা ছিল তার প্রতিফলন ঘটেনি বলেই মনে করছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের তিনটি শীর্ষ সংগঠন বেসিস, বিসিএস ও আইএসপিএবি। এই প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দ তাঁদের হতাশার কথা জানিয়ে বলেছেন, প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে যা প্রাপ্তি তার চেয়ে উপেক্ষা করা হয়েছে বেশি।
আজ বৃহস্পতিবার ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে আক্ষেপের কথা শুনিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বেসিস-এর সভাপতি শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাজেট কিছুটা বেড়েছে। করপোরেট ট্যাক্স ২০২৪ সাল পর্যন্ত মওকুফ হয়েছে। কম্পিউটার পণ্যে শুল্ক কিছুটা কমেছে। দেশীয় সফটওয়্যার প্রসারে কাস্টোমাইজ সফটওয়্যার আমদানিতে কর বাড়ানোর মতো কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও এই খাতে যা প্রত্যাশিত ছিল তা কিছুই আলোর মুখ দেখেনি।
শামীম আরও বলেন, প্রতিবছর বাজেট পেশ করার আগে তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের কিছু প্রস্তাব থাকে। এ বছর অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে বেসিস, বিসিএস ও আইএসপিএবির পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে ছিল ই-কমার্স খাতকে গুরুত্ব দিতে কর না বসানোর মতো প্রস্তাব। কিন্তু আমাদের অধিকাংশ প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। চূড়ান্ত বাজেট পেশ করার আগে আমাদের প্রস্তাবগুলো অর্থমন্ত্রী বিবেচনা করবেন বলে আশা করছি।
বিসিএস-এর সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ বলেন, বাজেটে হার্ডওয়্যার শিল্প ও আইটি অবকাঠামো উন্নয়নের খাতটি উপেক্ষিত হয়েছে। কিন্তু এ দুটি খাতের উন্নয়ন ছাড়া তথ্যপ্রযুক্তির উন্নয়ন অসম্ভব। হার্ডওয়্যার শিল্পকে বাইরে রেখে তথ্য ও যোগাযোগ সেবা খাতে প্রণোদনা দেওয়া হয়েছে। আমদানি পর্যায়ে উত্স কর ও মূসকের হার কমানোর প্রস্তাব বিবেচনা করা হয়নি। কেবল মাল্টি প্রিন্টারে ৫ শতাংশ এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে ১৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। অথচ মাল্টিফাংশনাল প্রিন্টারের কার্টিজ বা টোনার, এইচডিএমআই/ডিভিআই যুক্ত মনিটর, ডিজিটাল শিক্ষা উপকরণ, ইন্টারনেট সংযোগের জন্য নেটওয়ার্কিং ডিভাইস ইত্যাদি পণ্যে অতিরিক্ত করের চাপ রয়েই গেছে।
আইএসপিএবি সভাপতি এম এ হাকিম বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে আইএসপিএবির প্রস্তাব উপেক্ষিত হয়েছে বেশি। কম্পিউটার, নেটওয়ার্ক যন্ত্রপাতি ও ফাইবার অপটিক কেবলের দাম কমানো ছাড়া অন্য বিষয়গুলো বিবেচনায় আনা হয়নি। বাজেটে ব্যবহারকারী পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ মূসক অব্যাহত রাখার বিষয়টি দেশের তথ্য প্রযুক্তির বিকাশে অন্তরায় হয়ে থাকবে। মোবাইল ফোনে সব ধরনের খরচের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ ইন্টারনেট ব্যবহারকারীদের নিরুৎসাহিত করবে। এতে ইন্টারনেটনির্ভর আয়ের ওপর প্রভাব পড়বে। এ জন্য ইন্টারনেটের ব্যবহার বাড়াতে ইন্টারনেট সামগ্রীর ওপর ভ্যাট কমানোর দাবি করছি।
সংবাদ সম্মেলনে প্রথম আলো অনলাইনের পাঠকদের মন্তব্য তুলে ধরে ইন্টারনেটের গতি বাড়িয়ে দাম কমানোর বিষয় নিয়ে এই তিন সংগঠনের ভূমিকা কী সে বিষয়ে জানতে চাওয়া হয়। বেসিস সভাপতি শামীম আহসান এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সব সময় ইন্টারনেটের দাম কমানোর বিষয়টি বলে আসছি। কারণ কম খরচে দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা না করতে পারলে আমাদের সব উদ্যোগই ব্যর্থ হবে। এ বিষয়টিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি।’
একই প্রসঙ্গে এম এ হাকিম বলেন, ‘আমাদের জীবনযাত্রা খেয়াল করে দেখবেন ইন্টারনেটের গতি কিছুটা হলেও বেড়েছে। কিন্তু ইন্টারনেটের দাম কমানোর ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। বিভিন্ন পর্যায়ে সরকার কর ও লভ্যাংশ নিচ্ছে যা শেষ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর ওপর পড়ছে। ইন্টারনেটের ওপর কর কমানোর জোর দাবি করছি।’
মাহফুজুল আরিফ বলেন, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম বা রিমের মাধ্যমে প্রদত্ত সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে তা কার্যকর হওয়ায় মোবাইলে কথা বলা ও ডেটা (ইন্টারনেট) ব্যবহারের ব্যয় বেড়ে গেছে। এমনিতে মোবাইল ফোনে কথা বললে বা ইন্টারনেট ব্যবহার করলে গ্রাহককে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা মূসক দিতে হয়। ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।