প্রথম টুইট বার্তাটি দেখিয়ে দেবে টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরে পা দিয়ে ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা এনেছে টুইটার কর্তৃপক্ষ। এর ফলে ফার্স্টটুইট হ্যাসট্যাগের (#FirstTweet) মাধ্যমে ব্যবহারকারীরা নিজের কিংবা অন্য ব্যবহারকারীদের টুইটারে করা প্রথম টুইটটি দেখতে পাবেন।
প্রথম খুদে ব্লগটি দেখতে www.first-tweets.com ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত বক্সে টুইটার ইউজার নাম লিখলেই ওই ব্যবহারকারীর করা প্রথম টুইটটি দেখা যাবে।
চাইলে প্রথম করা টুইটটি আবার শেয়ার (রিটুইট) করার পাশাপাশি অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম সাইটেও শেয়ার করা যাবে।
জনপ্রিয় খুদে ব্লগ (মাইক্রোব্লগিং) লেখার ওয়েবসাইট টুইটার নয় বছরে পা দিয়েছে। ২০০৬ সালের ২১ মার্চ মাত্র ১৪০ শব্দের মধ্যে খুদে ব্লগ লেখার সুবিধা নিয়ে চালু হয় টুইটার। গত বছরের তথ্য অনুযায়ী এ ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যের সংখ্যা ৫০ কোটিরও বেশি, যাঁরা প্রতিদিন ৩৪ কোটি টুইট পোস্ট করেন!
এ ছাড়া প্রতি মাসে নিয়মিত টুইটারের ব্যবহার করেন ২৪ কোটি এক লাখেরও বেশি। সারা বিশ্বের জনপ্রিয় তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী দেশগুলোর প্রধানেরাও নিয়মিত টুইটার ব্যবহার করেন।
টুইটারের বিপণন ও যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল স্ট্রিকার বলেন, ‘২০০৬ সাল থেকে টুইটার চালুর পর আমাদের ব্যবহারকারীরা মাত্র ১৪০ শব্দের মধ্যেই নিজের মনে করা বলার সুযোগ পাচ্ছেন। এখন শুধু টুইটার টুইটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বাস্তবে যোগাযোগ, নতুন পরিকল্পনাসহ নিজের কথা বলার স্বাধীনতাকে আরও প্রসারিত করতে পেরেছে। আর এ জন্য আমরা আমাদের ব্যবহারকারীদের জানাই আন্তরিক ধন্যবাদ।’ প্রথম টুইটার দেখার এ সুবিধা চালুর মাধ্যমে অতীত ফিরে দেখার সুযোগ আনা হয়েছে।
যা ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে ব্যবহারকারীদের মধ্যে। চাইলে যে কেউ টুইটারে ফাস্ট টুইট হ্যাসট্যাগ (#FirstTweet) ব্যবহার করে প্রথম টুইটগুলো দেখতে পারবেন।
—টুইটার ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী