প্রথম দিনই জমজমাট ল্যাপটপ মেলা
ঢাকায় শুরু হওয়া ল্যাপটপ মেলা প্রথম দিনই জমজমাট হয়ে উঠেছে। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১১’ নামের তিন দিনের এ মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গতকাল বুধবার। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি নিয়ে জীবন পরিবর্তনের মহাযজ্ঞে অনেকেই কাজ করছে। সরকারি কার্যক্রমগুলো পুরোপুরিভাবে ডিজিটাল পদ্ধতিতে করার চেষ্টা চলছে। তরুণ প্রজন্মের কাছে প্রযুক্তিপণ্য পৌঁছাতে মেলা বিশেষ ভূমিকা রাখে। এ ছাড়া বর্তমানে ল্যাপটপ বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা সত্যিই ভালো খবর। আরও সহজভাবে স্বল্পমূল্যে প্রযুক্তিপণ্য সাধারণ ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর জন্য এ খাতের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার, কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। মেলা শুরুর প্রথম দিনই বিকিকিনি আর দর্শকদের পদচারণায় জমে উঠেছে মেলার প্রাঙ্গণ। কিউবির প্যাভিলিয়নে বিনা মূল্যে দর্শকেরা পাচ্ছেন ইন্টারনেট ব্যবহারের সুযোগ। প্রতিটি প্রতিষ্ঠানই ল্যাপটপে দিচ্ছে মূল্যছাড় ও নানা উপহার। উদ্বোধনের পর মেলায় ঘুরতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন আহমেদ বলেন, ‘মেলায় নতুন বৈশিষ্ট্যের ল্যাপটপ দেখছি।’ পছন্দ হলে কেনার কথাও জানান তিনি। শুধু শিক্ষার্থীই নয়, মেলায় এসেছেন বিভিন্ন পেশার মানুষ।মেলার সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান জানান, এর আগে সফল আয়োজনের পর এবার অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ল্যাপটপ মেলা। মেলায় প্রতিটি প্রতিষ্ঠানই ল্যাপটপে দিচ্ছে বিশেষ মূল্যছাড় আর থাকছে উপহার। মেলা চলাকালীন কিউবির মডেম পাওয়া যাবে এক হাজার ৫০০ টাকায়। মেলায় মোট ২১টি স্টল এবং ১৮টি প্যাভিলিয়নে ল্যাপটপ প্রদর্শন করছে প্রতিষ্ঠানগুলো। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলার পৃষ্ঠপোষক কিউবি, আসুস, গেটওয়ে, এইচপি, স্যামসাং ও তোশিবা। —নুরুন্নবী চৌধুরী