প্রথম দিনে জমে উঠেছে বেসিস মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই জমে উঠেছে বেসিস সফটওয়্যার এক্সপো ২০১০। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পাঁচ দিনের এই মেলা। দুপুরের পরই মেলার প্রতিটি স্টল ক্রেতা-দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়।মেলায় গিয়ে দেখা গেছে, প্রতিটি স্টলে নতুন সফটওয়্যার-পণ্য ও নিত্যনতুন প্রযুক্তির পণ্যে তরুণ দর্শনার্থীর আগ্রহ সবচেয়ে বেশি। মেলার আয়োজক অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, ‘আমরা চাচ্ছি, আমাদের এই সফটওয়্যার মেলা এ এলাকার মধ্যে সবচেয়ে বড় মেলা হোক। আমরা প্রতিবছর আমাদের মেলায় নতুন নতুন প্রযুক্তিপণ্য নিয়ে আসছি। তা মানুষের মাঝে তুলে ধরতে চাই এই মেলার মধ্য দিয়ে। আমরা দর্শনার্থীদের কথা চিন্তা করে এবারের মেলায় বিভিন্ন পণ্য তুলে ধরার চেষ্টা করেছি।’এবারের মেলা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, সংগঠন, ক্রেতা, তথ্যপ্রযুক্তি ভোক্তা, পরিকল্পনাকারীসহ সব শ্রেণীর মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।মেলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা মেলায় তাঁদের বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন। মেলায় তাঁরা রোবোটিক হ্যান্ড প্রদর্শন করছেন। রোবটটি দিয়ে বিভিন্ন রঙের বস্তু এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবে। এ ছাড়া তাঁরা দুটি গাড়ি প্রদর্শন করছেন। একটি গাড়ি নির্দিষ্ট পাতের ওপর দিয়ে চলতে পারে কোনো চালক ছাড়া, আরেকটি গাড়ি চলার সময় কোনো বাধা পেলে নিজে নিজে গতি পরিবর্তন করে অন্যদিকে যেতে পারে। ইউআইইউয়ের কম্পিউটার বিভাগের প্রভাষক ফিরোজ আহম্মেদ বলেন, ‘আমরা একটি ট্রাফিক সিগনাল-পদ্ধতি তৈরি করেছি, যা ব্যবহার করলে ঢাকার রাস্তায় যানজট অনেকাংশে কমানো যাবে।’ পুরো মেলায় তারহীন ওয়াই-ম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট দিচ্ছে বাংলালায়ন। ফলেবিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ রয়েছে। মেলায় বিশেষছাড়ে ওয়াই-ম্যাক্স সংযোগ ও মডেম বিক্রি করছে বাংলালায়ন। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা আইডি কার্ড দেখানোর মাধ্যমে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবে। প্রতিদিনের মেলায় একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। —বাদল খান