প্রথম দিনেই জমজমাট তথ্যপ্রযুক্তি মেলা
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০ শীর্ষক প্রদর্শনী প্রথম দিন থেকেই জমজমাট। গতকাল শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের সময় দর্শনার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। দুপরের পর মেলা সবার জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। ক্রেতাদের জন্য প্রতিটি প্যাভিলিয়ন ও স্টলে ক্রয়কৃত পণ্যের ওপর বিশেষ অফার দিয়েছে মেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান। মেলার প্রথম দিনে গেরস্থালিডিজিটাল পণ্যের চাহিদা লক্ষ করা গেছে। মেলায় ডিজিটাল ক্যামেরা কিনতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, ‘ছবি তুলতে ভালো লাগে। মেলায় তাই ক্যামেরা কিনতে এসেছি। মেলার সময় প্রায় সব পণ্যেই মূল্যছাড় ও বিশেষ উপহার পাওয়া যায়।’ চাকরিজীবী বাবা জহিরুল হকের সঙ্গে মেলায় আসা মেহজাবিন হক কিনেছেন ডিজিটাল ফটোফ্রেম।তিনি জানান, ‘তথ্যপ্রযুক্তির সর্বশেষ পণ্য দেখতেই মেলায় আসা।’ মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যে বিশেষ অফার ঘোষণা করেছে। মেলায় কম্পিউটার সোর্সের বিভিন্ন পণ্যের সঙ্গে থাকছে উপহার ও বিশেষ মূল্যছাড়।ডেলের ল্যাপটপের সঙ্গে প্রতিষ্ঠানটি দিচ্ছে জুম আল্ট্রা অথবা বাংলালায়ন ওয়াইম্যাক্স সংযোগ ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার।প্রতিটি প্রোলিংক নোটবুকে থাকছে তিন হাজার টাকা পর্যন্ত ছাড়। কিউবি তাদের তিন হাজার টাকার মডেম মেলা উপলক্ষে এক হাজার ৫০০ টাকায় বিক্রি করছে। স্যামসাং ক্যামেরা ও ডিজিটাল ফটোফ্রেম কিনলে বিশেষ মূল্যছাড় দিয়েছে মেলা উপলক্ষে। মেলা উপলক্ষে ক্যানন পাওয়ার সফট এ৪৯৫ কিনলে ১০ থেকে ২০ শতাংশ ছাড় দিয়েছে। রিশিত কম্পিউটার্স মেলা উপলক্ষে ডিজিটাল ক্যামেরা কিনলে এক হাজার টাকা ছাড় দিচ্ছে। রিশিতের যেকোনো পণ্য কিনলে মাউস, কি-বোর্ড, স্পিকার, পেনড্রাইভ উপহার হিসেবে পাওয়া যাবে এবারের মেলায়। ফ্লোরা লিমিটেড থেকে নাইকন ডি৩০০০ ক্যামেরা কিনলে পাঁচ হাজার টাকা দামের ক্যামেরা ব্যাগ, ২ গিগাবাইট মেমোরি কার্ড উপহার হিসেবে পাওয়া যাবে। নাইকন এল২১ ক্যামেরার সঙ্গে ২ গিগাবাইট মেমোরি কার্ড, ব্যাটারি, চার্জার মেলা উপলক্ষে সাত হাজার ৫০০ হাজার টাকায় পাওয়া যাবে। আজ মেলা দুপুর ১২টায় শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। এছাড়া মেলায় কিউবির আয়োজনে ‘ইন্টারনেটের ৫০০ দিন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। —তারিকুর রহমান খান