
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন-প্রক্রিয়া ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১ নভেম্বর ঘ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ছাড়া ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর, খ-ইউনিটের ৮ নভেম্বর, গ-ইউনিটের ১৫ নভেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ওই দিনই বিকেলে সিদ্ধান্ত পরিবর্তন করে ১ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়। গতকালের সভায়ও এ তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। এবার ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ৩৫০ টাকা।
আবেদনের যোগ্যতা: ২০১২ ও ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ক- ইউনিটের অধীনে ভর্তি-ইচ্ছুকদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৮.০, খ-ইউনিটে ৭.০; গ-ইউনিটে ৭.৫ ও চ-ইউনিটে ৬.৫ থাকতে হবে। এ ছাড়া বিভাগ পরিবর্তনের জন্য ঘ-ইউনিটের অধীনে ভর্তি-ইচ্ছুকদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএর যোগফল মানবিক শাখার ক্ষেত্রে ন্যূনতম ৭.০, বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম ৮.০, ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে ন্যূনতম ৭.৫ থাকতে হবে। ঘ-ইউনিটে আবেদনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে সম্মিলিতভাবে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৬.০ থাকতে হবে এবং কোনো বিষয়েই লেটার গ্রেড ‘সি’ (গ্রেড পয়েন্ট-৩)-এর নিচে গ্রহণযোগ্য হবে না। জিসিই লেভেল ও ক্যামব্রিজ প্রার্থীদের ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।