
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০০৮-০৯ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেছেন। ১ জুন র্যাগ ডে উদ্যাপনের মধ্য দিয়ে এ বিভাগের শিক্ষার্থীদের চার বছরের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল। শেষ বিকেলের অনুষ্ঠানে আলো ছড়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর-উন-নবী। সংক্ষিপ্ত আলোচনায় উঠে আসে বিশ্ববিদ্যালয়-সমাজ-রাষ্ট্রের প্রতি সবার দায়বদ্ধতার বিষয়টি।
নবীন এই বিশ্ববিদ্যালয়টি ২০০৯ সালের ৪ এপ্রিল ৩০০ শিক্ষার্থী নিয়ে শুরু করে শিক্ষাকার্যক্রম। শিক্ষকদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়েই গ্র্যাজুয়েশন শেষ করতে পেরেছেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুভ সমাপ্তিতে হাস্যোজ্জ্বল এই বিভাগের প্রথম ব্যাচের ২২ জন শিক্ষার্থী। কত স্মৃতি কত আবেগ মিশে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে! ক্লাস-পরীক্ষা নিয়ে কত ছোটাছুটি। কাঁঠালতলায় কত আড্ডা! ক্যানটিনের শিঙাড়া, বিকেলে শহীদ মিনারে গলা ছেড়ে গান গাওয়া—এ সবকিছু যেন আজ একসঙ্গে মনে পড়ে যাচ্ছে। সম্মান কোর্স শেষ করা শিক্ষার্থী নওরিন তাসনুমান বলেন, আজ শুধু এটুকুই বলতে চাই, এই ক্যাম্পাসকে মিস করব। এই বিশ্ববিদ্যালয়ে কাটানো প্রতিটি মুহূর্ত মিস করব। জেনসিন আবেদিন বলেন, ‘এসেছিলাম খালি হাতে। আজ দুহাত ভরে নিয়ে যাচ্ছি।’