প্রথম ল্যাপটপ নকশাকার পেলেন আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রথম ল্যাপটপ নকশাকার বিল মোগরিজ আজীবন সম্মাননা পুরস্কার জিতেছেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘২০১০ প্রিন্স ফিলিপ ডিজাইনার প্রাইজ’ নামক আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের মানুষদের সহজে প্রযুক্তি বুঝতে পারা এবং এর ব্যবহারের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোগরিজকে এ সম্মাননা দেওয়া হয়। প্রতিবছর এ পুরস্কারটি বিভিন্ন ক্ষেত্রে নকশাকারদের দেওয়া হয়। যেসব নকশাকারের নকশা আজীবন ব্যবহূত হয়, তাঁদের অনুপ্রাণিত করতে ‘দ্য প্রিন্স ফিলিপ ডিজাইনার প্রাইজ’ নামে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। ১৯৫৯ সাল থেকে এডিনবরার শাসক কর্তৃক এ পুরস্কার চালু হয়। পুরস্কার জিতে বিল মোগরিজ জানান, ‘এ সম্মাননা পেয়ে সত্যিই আমি গর্বিত।’ ডিজাইন প্রতিষ্ঠান আইডিইওর সহ-প্রতিষ্ঠাতা এবং স্মিথসোনিয়ান কুপার-হিউউইট ন্যাশনাল ডিজাইন মিউজিয়ামের পরিচালক বিল বিশ্বের সেরা সব নকশাকারের মধ্যে তাঁকে এ পুরস্কার দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।১৯৭৯ সালে সর্বপ্রথম বিল মোগরিজ বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন। এ নকশা ধরে ১৯৮০ সালে ল্যাপটপ তৈরি করা হয়। ১৯৮২ সালে এর বাণিজ্যিক বিপণন শুরু হয়। শুরুতে এ ল্যাপটপের দাম ছিল আট হাজার ডলার। সে সময়ে নভোচারীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় এ ল্যাপটপ ব্যবহূত হতো।—বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী