প্রথমবারের মতো চালু হলো ই-টেন্ডারপ্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো দেশে ইলেকট্রনিক টেন্ডার বা ই-টেন্ডারপ্রক্রিয়া চালু হয়েছে। গতকাল সোমবার থেকে চালু হওয়া এ প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, ইলেকট্রনিক পদ্ধতিতে সরকারি ক্রয়, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পরিচালনা করা। এ পদ্ধতিতে ইন্টারনেটে বসে সরকারি ক্রয় কার্যক্রমে সহজে অংশ নেওয়া যাবে। ফলে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। ই-জিপি বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের আওতায় কাজ করছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। গতকাল সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের যোগাযোগ ও সামাজিক সচেতনতা পরামর্শক শফিউল আলম প্রথম আলোকে এসব তথ্য জানান। এ কার্যক্রমের ফলে টেন্ডারে অংশ নেওয়া ঠিকাদারদের আবেদনপত্র ও বাছাইপ্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে। গত ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইজিপি পোর্টালের (www.eprocure.gov.bd)। এর পর থেকেই মূলত ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক ও ওই চারটি প্রতিষ্ঠানের ক্রয়কারী অফিসগুলোর জন্য নিবন্ধন উন্মুক্ত রয়েছে। গতকাল পর্যন্ত ইজিপি ব্যবস্থায় ২৩৭ জন ঠিকাদার নিবন্ধন করেছেন, যার মধ্যে চারজন বিদেশিও রয়েছেন। ই-টেন্ডারিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর যে ওয়েবপেজ খুলবে, সেখানে নিজস্ব ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, জাতীয়তা প্রভৃতি সব তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে। এরপর অনুমোদিত ব্যাংকের নির্দিষ্ট শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে তাঁর সংশ্লিষ্ট কাগজপত্র স্ক্যান করে মেইলে পাঠাতে হবে। এরপর সব প্রক্রিয়া শেষে নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন শেষে আবেদনকারীর মেইলে ও মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে। এরপর প্রতিবছর শুধু নির্দিষ্ট নবায়ন ফি দিতে হবে। জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২-এর আওতায় সরকার দেশে ই-টেন্ডারিং চালু করেছে। ই-টেন্ডার পদ্ধতি চালুর মাধ্যমে দেশে টেন্ডার নিয়ে নানা ধরনের অনিয়ম কমে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির নতুন একটি মাইলফলক তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। —মোছাব্বের হোসেন