প্রথমবারের মতো জাতীয়ভাবে শেখ রাসেল দিবস উদ্যাপিত হতে যাচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) প্রধান সমন্বয়কারী হিসেবে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সঙ্গে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে সংবাদ সম্মেলনে দিবসের বিস্তারিত তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
কাল ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয়ভাবে শেখ রাসেল দিবস উদ্যাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’।
কাল সকাল ছয়টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী আয়োজন, বেলা তিনটায় বিআইসিসিতে সেমিনার এবং সন্ধ্যা ছয়টায় একই ভেন্যুতে ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শিশু একাডেমির উদ্যোগে সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক প্রদর্শনী, শিশু একাডেমিতে দুপুর ১২টায় শিশুতোষ চলচ্চিত্র প্রদার্শনী হবে। ১৮ অক্টোবর শিশুদের জন্য জাতীয় জাদুঘর উন্মুক্ত থাকবে। শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ এবং আলোকচিত্র প্রদর্শনীও করবে শিশু একাডেমি।
সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, জাতীয়ভাবে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ রাসেলের জীবনের নানা ঘটনা বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি তাঁকে যেভাবে হত্যা করা হয় এবং যেভাবে বিচারের পথ বন্ধ করা হয়, সেই অধ্যায়কেও তুলে ধরা হবে।
জুনাইদ আহমেদ বলেন, শেখ রাসেল বন্ধুবৎসল, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক শিশু ছিলেন। তাঁর মতো এ রকম ঘৃণিত হত্যার শিকার যেন কেউ না হয়। পৃথিবীর সব শিশু যেন নিরাপদে বেড়ে ওঠে।
প্রতিমন্ত্রী জানান, আইসিটি বিভাগ প্রধান সমন্বয়কারী হিসেবে শেখ রাসেল দিবস উদ্যাপনে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দেশে–বিদেশে জাতীয় দিবসটি উদ্যাপিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজাউল মাকছুদ জাহেদী, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লা প্রমুখ।