প্রথমবারের মতো টুইটারে পোপ
খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে প্রথমবারের মতো টুইট লিখলেন খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট। গত মঙ্গলবার টুইটারে বার্তা পাঠান পোপ।নিজের পৌরহিত্য গ্রহণের ৬০তম বার্ষিকীতে ৮৪ বছর বয়সী পোপ ভ্যাটিকান সিটির সংবাদ ও তথ্য পোর্টাল নিউজ ডট ভিএর উদ্বোধন করে টুইটারে এই বার্তা পাঠান। তিনি এখানে বলেন, ‘প্রিয় বন্ধুরা, আমি এইমাত্র নিউজ ডট ভিএ চালু করলাম। প্রার্থনা ও আশীর্বাদের সঙ্গে আমাদের প্রভু যিশুর প্রশংসা করছি।’ পোপ এই বার্তাটি অ্যাপলের একটি আইপ্যাডের মাধ্যমে টুইটারে পাঠান।পোপের এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার কাজে ভ্যাটিকান টুইটার, ফেসবুক, ইউটিউবসহ জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহার করছে। অনেক টুইটার ব্যবহারকারী আবার পোপের এই টুইট পাঠানোকে আইপ্যাডের প্রচারের নতুন কৌশল হিসেবেও সন্দেহ করছে। তবে পোপ টুইট পাঠানোয় অনেকে টুইটার ব্যবহারে উৎসাহিত হয়েছেন। শানা কুইন নামের শিকাগোর এক টুইটার ব্যবহারকারী বলছেন, ‘পোপ বেনেডিক্ট টুইটারে এসেছেন, এর অর্থ আমার মা-ও টুইটারে শিগগির আসছেন!’ —বিবিসি অবলম্বনে মোছাব্বের হোসেন