প্রদীপ্ত প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সুফিয়া কামাল হল প্রাঙ্গণে চার আবাসিক শিক্ষার্থী
কবি সুফিয়া কামাল হল প্রাঙ্গণে চার আবাসিক শিক্ষার্থী

আমাদের দেশে মেয়েদের হল বলতেই চোখের সামনে ভেসে ওঠে পুরোনো ধাঁচের সেকেলে ভবন, যার ভেতর প্রকট 
আবাসনসংকটে ভুগতে থাকা ছাত্রীদের থাকতে হয় গণরুমে। এ রকম হলে পড়াশোনায় মন দেওয়া বেশ কঠিন। কিন্তু যদি
এমন একটি হলের কথা বলা হয়, যার ১০ তলা ঝাঁ-চকচকে আলিশান ভবনের সবখানে ছড়িয়ে রয়েছে আধুনিকতার ছাপ,
তাহলে তো চমকে যেতেই হয়!
গেল বছর ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল। এ বছর
জানুয়ারিতে হলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সুদৃশ্য এ হলে আধুনিক জীবনযাপনের নানা সুযোগ-সুবিধা রয়েছে।
প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর মিশেলে নির্মিত হলটির অন্দরসজ্জাও কম মনোরম নয়। প্রতিটি ভবনের সুন্দর নামকরণ
করা হয়েছে। ছাত্রীদের থাকার জন্য ১০ তলাবিশিষ্ট ‘প্রত্যয়’ আর ‘প্রদীপ্ত’ ভবন দুটিতে রয়েছে সার্বক্ষণিক লিফটসুবিধা।
প্রতিটি তলায় রয়েছে পর্যাপ্ত রান্নাঘর, চুলা ও মানসম্মত শৌচাগার। প্রতিটি কক্ষের সঙ্গেই রয়েছে পৃথক বারান্দা।
অতিথি ও অভিভাবকদের বসার জন্য নির্মিত ভবনটির নাম ‘প্রোজ্জ্বল’। ‘প্রফুল্ল’ ভবনটি হলের হাউস টিউটরদের। সুবিশাল
টিভিরুম ও রিডিংরুমের পাশাপাশি ‘প্রত্যাশা’ ভবনটিতে রয়েছে দুটি ক্যানটিন ও রকমারি পণ্যসামগ্রী বিক্রয়কেন্দ্র। আর
হলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসন ভবন তো রয়েছেই।
হলটিতে বিজ্ঞান বিভাগের ছাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়েছে। হলের সামনের রাস্তা পেরোলেই
কার্জন হল।
‘বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়ায় প্রায়ই সকাল আটটায় ক্লাস থাকে, সেই সঙ্গে থাকে ব্যবহারিক ক্লাস, যা শেষ হতে হতে
সন্ধ্যা গড়ায়। যানজট ঠেলে বাড়ি ফিরে যে পড়তে বসব, সেই শক্তিটুকুও থাকত না। কিন্তু এখন আর সেই সমস্যা হচ্ছে না।
হলে থাকতে পেরে মন দিতে পারছি পড়ালেখায়।’ হলে সিট পেয়ে বেজায় খুশি প্রাণীবিদ্যা বিভাগের রাশনা শারমীন। চতুর্থ
বর্ষের ছাত্রী নাদিরা আক্তার শোনাচ্ছিলেন তাঁর দুর্ভোগের কথা, ‘হলে আসন কম থাকায় আমার মতো অনেক মেয়েই
সাবলেটে থাকত। এতে যেমন অর্থ ব্যয় হতো, তেমন ভুগতাম নিরাপত্তার অভাবে। এখন হলে উঠে নিজে রান্না করে
খাওয়ার ঝামেলা মিটে গেছে, আগের চেয়ে অনেক বেশি নিরাপদও বোধ করছি।’
বাড়ি ছেড়ে আগে কখনো থাকেননি যে মেয়েটি, তাঁর জন্য হলে খাপ খাওয়ানো সত্যিই কষ্টের। তার পরও রুমমেটরা
আন্তরিক হলে মানিয়ে নেওয়া সহজতর হয়ে যায়। পরিসংখ্যানের প্রথম বর্ষের ছাত্রী অন্বেষার কথায় তা স্পষ্ট হয়ে উঠল,
‘প্রথম প্রথম বাড়ির জন্য খুব কাঁদতাম। সামান্য আলুভাজি করতে গিয়েও বিপদে পড়ে যেতাম! এরপর অন্তরা, পিঙ্কি,
সুলতানা—সবাই আপন করে নিল আমায়। এখন আর বাড়ির জন্য এত খারাপ লাগে না।’
হলে থাকার আরেক মজা হলো গ্রুপ স্টাডি। অণুজীববিজ্ঞানের অর্পিতা তা-ই বলছিলেন, ‘একা একা পড়ে কিছুই মনে
থাকত না। কিন্তু হলের বন্ধুরা মিলে গল্প বানিয়ে বানিয়ে পড়া সহজেই আয়ত্ত করে ফেলছি। অবসরে রুমের জানালা বেয়ে
বেড়ে ওঠা গাছের পরিচর্যা করি। বাসার জন্য খুব মন খারাপ হলে রাতে হলের মাঠে ঘাসের বিছানায় শুয়ে তারা গুনি।
এভাবেই বেশ চলছে হলের জীবন!’
হলের উদ্যোগে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন দৈনিক পত্রিকা। নতুন এ হলে ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও বর্ষবরণ ও
রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান পালিত হয়েছে। হলের ছাত্রীরা সম্পৃক্ত আছেন রক্তদাতা প্রতিষ্ঠান ‘বাঁধন’-এর সঙ্গেও। এ সবের সঙ্গে
চলছে ডিবেটিং ক্লাবের কার্যক্রমও।