
পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে গত মাসে দায়িত্ব নিয়েছেন আবদুল মালিক বেলুচ। ২০০৯ সালে সপ্তম ন্যাশনাল ফাইন্যান্স কমিশন (এনএফসি) অ্যাওয়ার্ড ঘোষণা এবং ২০১০ সালে সংবিধানের ১৮তম সংশোধনীতে তাঁর অসামান্য অবদান রয়েছে। এ দুটি উদ্যোগের ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসন বেড়েছে। এ সব বিষয় নিয়ে পাকিস্তানের হেরাল্ড সাময়িকীর সঙ্গে কথা বলেছেন আবদুল মালিক বেলুচ। তার উল্লেখযোগ্য অংশ:
প্রশ্ন: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বাজেট করছেন। এনএফসি ও সংবিধানের ১৮তম সংশোধনীর কোনো প্রভাব পড়েছে
উত্তর: দুর্ভাগ্য হলো, আগের সরকার (২০০৮-২০১৩) সংবিধানের সংশোধনী বাস্তবায়ন করতে চায়নি। তারা প্রথমে স্যান্ডাক প্রকল্প (সোনা ও তামা খনি) কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করে। গত বছর ওই প্রকল্পে চীনের একটি প্রতিষ্ঠানের কাজের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে।
প্রশ্ন: এনএফসির ফলে বেলুচিস্তান কি লাভবান হয়েছে?
উত্তর: এনএফসির কারণে বেলুচিস্তান আর্থিক দিক থেকে লাভবান হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের সঙ্গে কৌশলের খেলা বন্ধ করেনি। এনএফসিতে প্রাদেশিক অংশ বাড়লেও পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে (পিএসডিপি) বরাদ্দ কমানো হয়েছে। গত বছর পিএসডিপির আওতায় বেলুচিস্তানের জন্য চার হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ছাড় করা হয় মাত্র ৯০০ কোটি রুপি।
প্রশ্ন: বেলুচিস্তানের রাজনীতিকেরা সব সময় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রদেশটি থেকে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল একচেটিয়া নিয়ে যাচ্ছে। সংবিধানের ১৮তম সংশোধনীতে রাষ্ট্রীয় মালিকানাধীন উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলোর ওপর প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের যৌথ মালিকানা দেওয়া হয়েছে। বেলুচিস্তান এসব কোম্পানিতে নিজের মালিকানা নিশ্চিত করতে কী ব্যবস্থা নিয়েছে?
উত্তর: আমার মতে, ১৮তম সংশোধনীর পর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রণালয় বিলুপ্ত করা উচিত। তার জায়গায় প্রদেশভিত্তিক বিশেষ দপ্তর চালু করা উচিত, যারা তেল ও গ্যাস উৎপাদন করবে।
প্রশ্ন: কেন্দ্রে বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রাদেশিক সরকারে আপনার শরিক দল। তারা গাদার বন্দর চীনের একটি কোম্পানিকে দিতে গত প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত অনুমোদন করেছে। প্রাদেশিক সরকারের স্বায়ত্তশাসনের পরিপ্রেক্ষিতে বিষয়টি কীভাবে দেখছেন?
উত্তর: আপনারা জানেন, এ কারণে আমি ১৮তম সংশোধনীতে স্বাক্ষর করতে রাজি ছিলাম না। কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের সংশ্লিষ্ট সংসদীয় কমিটিকে রাজি করিয়ে ফেলে। এ কারণেই বড় বন্দরগুলো ‘অবাঞ্ছিত লোকের’ হাতে পড়ে।
প্রশ্ন: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ খাঞ্জরাব থেকে গাদার পর্যন্ত সড়ক ও রেলসংযোগ এবং ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন নির্মাণের ঘোষণা দিয়েছেন। আপনার অবস্থান কী?
উত্তর: আমরা বেলুচিস্তানের লাভের দিকটি দেখব। প্রদেশের লাভ হলে আমরা কোনো প্রকল্পের বিরোধিতা করব না। আর ইরান-পাকিস্তান গ্যাসলাইন স্থাপনের কাজ শুরু হলে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।
l ভাষান্তর: মাহফুজার রহমান