প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করছে অ্যাসোসিও
এশিয়া ওশেনিয়া অঞ্চলের ২০টি দেশের তথ্যপ্রযুক্তি শিল্প খাতের সংগঠনগুলোর সংস্থা এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন (অ্যাসোসিও) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করছে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিভিন্ন সময়ে তথ্যপ্রযুক্তি খাতের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার দিয়ে থাকে। এর আগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।এই পুরস্কারের ব্যাপারে অ্যাসোসিওর উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, প্রতিবছর অ্যাসোসিওর পক্ষ থেকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামগ্রিক উন্নয়নে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামগ্রিক উন্নয়নে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার পাচ্ছেন। তিনি জানান, অ্যাসোসিওর মতে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং পরবর্তী সময়ে সরকার গঠন করে এ কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য যে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, সে বিষয় আমলে এনে অ্যাসোসিও প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দিচ্ছে।আগামী ৩১ মার্চ অ্যাসোসিওর সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১০’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে অ্যাসোসিওর কর্মকর্তাদের এ পুরস্কার তুলে দেওয়ার কথা। —নুরুন্নবী চৌধুরী