প্রফেশনাল না হলে যা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আকাশে চাঁদটা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। চারদিকে মায়াবী জোছনা। আমি তখন বিছানায় ছটফট করছি। রাত প্রায় একটা বাজে। নাহ্, এভাবে আর পারা যায় না! অনেক ভেবে মনস্থির করলাম, কিছু একটা করতে হবে। বিছানা ছেড়ে উঠে বসে ভাবতে লাগলাম, কী করা যায়! একবার ভাবলাম, বাইরে গিয়ে হেঁড়ে গলায় গান ধরি। কিন্তু এত রাতে মানুষের ঘুমের বারোটা বাজানোর দায়ে গণধোলাই খাওয়ার আশঙ্কা প্রবল! তাই ভাবলাম, জোছনায় ভেসে যাওয়া মাঠে বসে বাঁশি বাজাই। এতেও একটা আশঙ্কা মনে উঁকিঝুঁকি মারল, পরিরা যদি বাঁশির মোহন সুরে মুগ্ধ হয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়! নাহ্, এই পরিকল্পনা ওই পরিদের জন্যই বাতিল!
শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে না পেরে ঠিক করলাম, চুরি করতে যাব। পূর্বপ্রস্তুতি হিসেবে গায়ে সরষের তেল মাখব কি না, ভাবলাম। কিন্তু কী দরকার এত কিছুর! আমি তো আর প্রফেশনাল চোর নই, আর কারও ঘরে সিঁধও তো কাটতে যাচ্ছি না। বিকেলে পাশের বাড়ির পেঁপেগাছে পাকা পেঁপে ঝুলতে দেখেছি। আস্তে ধীরে নীরবে-নিভৃতে সেদিকেই পা বাড়ালাম।
একসময় চলেও এলাম গন্তব্যস্থলে। চারপাশটা পর্যবেক্ষণ করছি; আচমকা একটা কুকুর ঘেউ ঘেউ করতে লাগল। কুকুরের এই ঘেউ ঘেউ ডাক খুব রহস্যজনক ঠেকল! এলাকায় চোর এলে কুকুর ঠিক এভাবেই ডাকে। হঠাৎ আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল, আশপাশে কোথাও চোর এসেছে। আমি আবার ভীষণ ভিতু প্রকৃতির। সামান্য চোরকেও বড় ভয় পাই। তাই এক দৌড়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে কান খাড়া করে শুনতে লাগলাম কুকুরটা আবার ডাকে কি না। আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ পর কুকুরের ডাক থেমে গেল!

ভাবলাম, ও কিছু না। এবার চুরিতে যাওয়া যায়। তাই আবার গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম পেঁপেগাছের একেবারে তলায়। হাত বাড়িয়ে পেঁপে নিতে যাব, ঠিক সে সময় কুকুরটা আবার ডাকতে শুরু করল! আবার ছুটে পালালাম। বাড়িতে এসে পড়ে গেলাম গভীর চিন্তায়। এ কী চোর রে বাবা! আমি গেলেই আসে! আমাকে ফলো করছে নাকি? চুরির চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়লাম। জানালাটা ফাঁক করতেই চাঁদের আলোয় ঘর ভেসে গেল। চাঁদটা যেন আমার দিকে তাকিয়ে হাসছে। আমিও মুচকি হেসে বিছানা ছেড়ে উঠলাম! আরে, আমি কি বোকা! কুকুরটা তো আসলে ঘেউ ঘেউ করছিল আমাকে দেখেই! আমিই তো আজকের রাতের চোর! প্রফেশনাল না হলে যা হয় আরকি। সামান্য এই ব্যাপারটা ধরতেই এতক্ষণ লেগে গেল! ধুর!
কাজী সুলতানুল আরেফিন