প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (এএবিইএ) দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রবাসীদের বিনিয়োগ করতে ও এই খাতে সম্পৃক্ত হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান। শনিবার ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে আয়োজিত সম্মেলনে তিনি এই আহবান জানান।
সম্মেলনে শামীম আহসান বলেন, ‘এটিকার্নি, গার্টনার, জেপি মরগ্যান, গোল্ডম্যান সাকসের মতো বাজার গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির পরবর্তী গন্তব্য হিসেবে বিবেচনা করছে। তাই প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের দারুণ ক্ষেত্র তৈরি হচ্ছে। প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করলে বেসিস থেকে ‘ওয়ানস্টপ’ সেবা দেওয়া হবে।’
সম্মেলনে মূল বক্তব্য দেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের অংশীদার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস উজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রচুর সম্ভাবনা রয়েছে। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য তহবিল গঠন করছে। এ ছাড়া সিলিকন ভ্যালিতে বাংলাদেশি কোম্পানি ও উদ্যোক্তাদের তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে ফেনক্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোয়াইট হাউস অ্যাডভাইজরি কমিশনের কমিশনার এন নিনা আহমেদ। এ ছাড়া ইউএস কংগ্রেসের প্রতিনিধি জুডি চু, এএবিইএ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল উল্যা, এসবিট ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর দেওয়ান, এএবিইএ সিলিকন ভ্যালি চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত হোসেনসহ অনেকে সম্মেলনে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি